২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঘুষ' নিয়ে আসামি ছেড়ে দিয়েছে সাভার পুলিশ

টাকা নিয়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাভার থানা পুলিশের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 04:48 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

সাভার, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা নিয়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাভার থানা পুলিশের বিরুদ্ধে। একটি প্রতারণা মামলায় আদালতের পরোয়ানায় বৃহস্পতিবার রাতে মোস্তাফিজুর রহমান মিঠুকে (৩৮) গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে আদালতে হাজির না করে তাকে ছেড়ে দেয় সাভার থানা পুলিশ। বিদেশ পাঠানোর কথা বলে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মোহাম্মদ রানার কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন মোস্তাফিজুর রহমান মিঠু। গত বুধবার এ অভিযোগে রানা ঢাকার বিাচার বিভাগীয় হাকিম আদালত-৪ এ মিঠুর বিরুদ্ধে মামলা করেন। মোহাম্মদ রানা অভিযোগ করেন, মিঠু তাকে সৌদি আরব পাঠাবেন এবং এজন্য তিনি মিঠুকে তিন লাখ টাকা দেবেন বলে একটি চুক্তি হয় স্ট্যাম্পের মাধ্যমে। চুক্তি অনুযায়ী গত বছরের ১৩ এপ্রিল এক লাখ ৮০ হাজার টাকা এবং ১৭ এপ্রিল আরো এক লাখ ২০ হাজার টাকা মিঠুকে দেন রানা। কিন্তু মিঠু বিদেশে না পাঠিয়ে রানার সঙ্গে নানা টালবাহানা শুরু করেন। টাকা ফেরত চাইলে রানাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়। মামলা দায়েরের দিনই আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে সাভার থানার ওসিকে আসামি গ্রেপ্তারের নির্দেশ দেয়। মোহাম্মদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাভার থানার সহকারী উপ-পরিদর্শক খায়রুল ইসলাম সাভারের রাজাবাড়ী এলাকায় তার বাড়ির সামনে থেকে মিঠুকে গ্রেপ্তার করে থানায় আনেন। তিনি বলেন, "শুক্রবার সকালে আদালতে না পাঠিয়ে বেলা ১১টার দিকে আমার সামনেই মিঠুর স্বজনের কাছ থেকে এক লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয় সাভার থানা পুলিশ। এর প্রতিবাদ করলে পুলিশ আমাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়।" এ ব্যাপারে সাভার থানার সহকারী উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, মিঠুর বিরুদ্ধে পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে টাকা নিয়ে আবার তাকে ছেড়ে দেওয়া হল কেন জিজ্ঞেস করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপনি ওসি স্যারের সঙ্গে কথা বলেন।" ওসি মাহবুবুর রহমান ওয়ারেন্টের আসামি ছেড়ে দেওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি চেপে যান। এগুলো নিয়ে আপনার ঘাঁটাঘাঁটি না করাই ভাল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.