২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রত মামলা নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির

নিম্ন আদালতে মামলা জট নিরসন ও দ্রত মামলা নিষ্পত্তি করতে বিচারকদের বলেছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্ন আদালতে মামলা জট নিরসন ও দ্রত মামলা নিষ্পত্তি করতে বিচারকদের বলেছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তিনি বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এজলাসে বসেই রায় দেওয়ার নির্দেশ দেন বিচারকদের। নিম্ন আদালতের বিচারকদের নিয়ে সুপ্রিম কোর্টে শুক্রবার থেকে শুরু হওয়া বিচার বিভাগীয় সম্মেলনে এসব নির্দেশ দেন প্রধান বিচারপতি। সকাল সাড়ে ন'টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সম্মেলনের উদ্বোধন করেন। এদিন সারাদেশের প্রায় দুইশ' সহকারী জজ এ সম্মেলনে যোগ দেন। সরকারী জজরা এজলাস, খাস কামরা ও পরিবহণ সমস্যাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রধান বিচারপতি তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি সহকারী জজদের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। এসব সমস্যা সমাধানে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। সম্মেলনে অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলামসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার শেখ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার থেকে শুরু হওয়া বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান বিচারপতি আদালত ও বিচার প্রশাসনের সব দিক তুলে ধরে সহকারী জজদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার পর্যায়ক্রমে এই সম্মেলন চলবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সম্মেলন শেষ হবে।" তিনি আরো জানান, সম্মেলনের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার সকাল সাড়ে ন'টায় বিচার বিভাগীয় হাকিমরা অংশ নেবেন। এরপর পর্যায়ক্রমে জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম, অতিরিক্ত জেলা জজ, মূখ্য বিচারিক হাকিম ও জেলা জজরা এতে অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২২০০ ঘ.