বরগুনা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে ট্রলারডুবির সাতদিন পরও বরগুনার ৫ জেলেকে উদ্ধার করা যায়নি।
ওই ঘটনায় নিখোঁজদের মধ্যে ছয় জেলেকে জীবিত অবস্থায় পাওয়া গেছে একটি চরে।
স্থানীয়রা জানায়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে আকস্মিক ঝড়ে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটিতে ১২ জন জেলে ছিলেন। ওইদিন একজনকে উদ্ধার করা হয়েছিলো।
এ ঘটনায় এখনো নিখোঁজ পাঁচ জেলে হলেন- বরগুনা সদর উপজেলার বদরখালী মাঝেরচরের মানিক মিয়া, পাথরঘাটার রুহিতা গ্রামের শাহেদ আকন, বরগুনা সদর উপজেলার ডেমা গুলিশাখালী গ্রামের আবদুল কুদ্দুস, লতাকাটা গ্রামের জসিম উদ্দিন ও ফোরকান।
পাথরঘাটার নিজ লাঠিমারা গ্রামের কবির হোসেন জানান, এফবি সোহেল নামের একটি ট্রলারে ১২ জন জেলে নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন।
১৪ অক্টোবর সন্ধ্যায় আকস্মিক ঝড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার ৫/৬ ঘণ্টা পর তাকে আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করে অজ্ঞান অবস্থায় খুলনার রূপসায় নিয়ে যায়।
বুধবার সন্ধ্যায় সাগরের তেতুয়ার চরে ছয়জনকে পাওয়া যায়।
এরা হলেন- বরগুনা সদর উপজেলার লতাকাটা গ্রামের বাবুল হোসেন, আলতাফ হোসেন, আবদুল বারেক, জমির উদ্দিন, জাহাঙ্গীর হোসেন ও তালতলীর লাউপাড়ার ফোরকান।
বৃহস্পতিবার তাদের পাথরঘাটায় নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন জানান, চোখের সামনে বাকিদের ডুবে যেতে দেখেছেন তিনি।
ডুবে যাওয়া ট্রলারের মালিক কবির হোসেন জানান, নিখোঁজদের উদ্ধারে তারা আবার সাগরে যাবেন।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি জানান, নিুচাপের কারনে সাগর উত্তাল থাকায় এখন যাওয়া সম্ভব হচ্ছে না।
উদ্ধার হয়নি অপহৃত জেলেরা
সাগরের ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে অপহরণ করা ৪৬ জেলে এখনো মুক্তি পায়নি।
গত রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ৩০টি মাছ ধরা ট্রলারে ডাকাতি শেষে ২ কোটি টাকার মালামাল লুট এবং ৪৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।
পাথরঘাটার ট্রলার মালিকরা জানান, জুলফিকার বাহিনীর সদস্যরা অপহৃতদের সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে আটকে রেখেছে।
জলদস্যুরা ১৩ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে বলেও তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24