পঞ্চগড়, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ে ভারতীয় ছিটমহলে হামলার ঘটনায় এবার পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।
এ নিয়ে দুটি মামলা হলো।
পুলিশ বলেছে, এ মামলায় ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে তিনজনকে বৃহস্পতিবার গভীর রাতে আটক করা হয়েছে। এরা হলেন- দিলীপ (২২), উমের আলী (১৮) ও আমির হোসেন (২৫)।
মামলায় সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগ আনা হয়েছে।
সদর থানার ওসি মো. জমির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে উপপরিদর্শক বাবুল ইসলাম বাদি হয়ে পুলিশের মামলাটি করেন।
এর আগে আরেকটি মামলায় গ্রেপ্তার নয়জনের মধ্যে আটজনকে এ মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি জানান, গ্রেপ্তার করা তিনজনকে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গারাতি ছিটমহলের অভ্যন্তরে এক খণ্ড বাংলাদেশি এলাকার বাসিন্দা আইয়ুব আলী একটি মামলা করেন।
ওই মামলায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াই হাজার লোককে আসামি করা হয়। এই মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে নয়জনকে।
এদিকে বৃহস্পতিবার আটককৃতদের স্বজনরা তাদের নির্দোষ দাবি করেছেন।
দিলীপের চাচা আব্দুল মান্নান দাবি করেন, দিবাগত রাত দেড়টায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
উমের ও আমিরের বাবা আলী হোসেনের দাবি, তার ছেলেরা ঘটনায় জড়িত ছিলো না।
ওই দুই অভিভাবক অভিযোগ করেন, পুলিশ কারো মাধ্যমে বিভ্রান্ত হয়ে তাদের স্বজনদের আটক করেছে। অনেকের মত তারা ঘটনা শেষে ওই এলাকায় যান।
এ প্রসঙ্গে ওসি জমির উদ্দিন বলেন, নানা সূত্রে নিশ্চিত হয়ে শুধু এজাহারভুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
গত শুক্রবার পঞ্চগড় সদর থানার হাড়িভাষা ইউনিয়নে অবস্থিত ভারতের গারাতি ছিটমহলে রমজান মেকার নামে এক বাংলাদেশিকে হত্যা করা হয়।
ঘটনার পরদিন আশপাশের বাংলাদেশি এলাকার লোকজন ছিটমহলে হামলা ও অগ্নিসংযোগ করে।
রমজান মেকার হত্যার ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন ওসি।
তিনি জানান, ভারতীয় ছিটমহলের ঘটনায় মামলা নেওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24