মাদারীপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে শিবচর উপজেলার শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিবচর থানা পুলিশ শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, দত্তপাড়া ইউনিয়নের শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের জন্য বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করতে দেরি হওয়ায় প্রার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ফলাফল প্রকাশে দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে সন্দেহ করে প্রার্থী মাওনাদাত হোসেনের সমর্থকরা মৌখিক পরীক্ষা গ্রহনকারী নিয়োগ কমিটির সদস্যদেরকে বিদ্যালয় কক্ষে অবরোধ করে।
মাওনাদাত হোসেন পরীক্ষার ফলাফল তার অনুকুলে নিয়ে যাচ্ছে সন্দেহ করে অপর প্রার্থী ছাইদুল হোসেনের সমর্থকরাও নিয়োগ কমিটির সদস্যদের কক্ষ অবরোধ করে।
ওসি জানান, এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষকালে উভয় পক্ষের লোকজন বিদ্যালয় ভবনের দড়জা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলে যান। এ সময় প্রার্থীদের লোকজন হামলা চালিয়ে ইউএনও'র গাড়ি ভাংচুর করে।
পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষকালে পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার ও কনস্টেবল আনোয়ার হোসেনসহ ১০ জন আহত হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় শিবচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোজ্জামেল হক বাদী হয়ে শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করেন। পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- বুলবুল, জাফর, সজল মাহমুদ ওরফে নান্নু গাজী, হেলাল খন্দকার, শাহআলম, আবুল খায়ের মোল্লা ও সজীব মোল্লা। তাদের সকলের বাড়ি শিরুয়াইল গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৪৯ ঘ.
bdnews24