২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় রেললাইনজুড়ে হাট

বগুড়ায় রেললাইনের উপর বসেছে বিশাল হাট। দোকানিরা বলছেন, নিয়মিত চাঁদা দিয়ে তারা ব্যবসা করছেন। জিয়া শাহীনের প্রতিবেদনে বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 03:23 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

জিয়া শাহীন, বগুড়া প্রতিনিধি বগুড়া, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় রেললাইনের উপর বসেছে বিশাল হাট। দোকানিরা বলছেন, নিয়মিত চাঁদা দিয়ে তারা ব্যবসা করছেন। অন্যদিকে রেল বিভাগ বলছে, উচ্ছেদের পর আবারো দখল করে বসেন দোকানিরা। বগুড়া রেলস্টেশনের প্লাটফর্ম থেকে শুরু করে ফতেহ আলী বাজার রেলসেতু পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রেলসড়কজুড়ে বসানো হয়েছে বিভিন্ন পণ্যের দোকান। সরেজমিনে দেখা যায়, এই হাটে কেনাবেচা হয় কাপড়, তরকারি, মাছ, মনোহারী পণ্য ও ওষুধসহ নানা জিনিস। আছে হকারদের একটি মার্কেট। এখানে তিন থেকে চারশ' কাপড়ের দোকানসহ রয়েছে দুই হাজারের বেশি দোকান। প্রতিদিন প্রায় ১০-১২ হাজার ক্রেতা এই হাটে কেনাকাটা করে। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত রেললাইনের ওপর বসা এই হাটের সাধারণ চিত্র হলো- ট্রেন এলে হুড়োহুড়ি করে দোকান গুটিয়ে নেওয়া আর ক্রেতাদের ছুটাছুটি। কয়েকমাস আগে দোকান সরাতে হুড়োহুড়ির সময় কাপড়ের মার্কেটের এক দোকানি ট্রেনে কাটা পড়ে মারা যান। দোকানিরা বলছেন, জীবনের ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে তারা রেলসড়কের ওপর দোকান নিয়ে ব্যবসা করছেন। এই ঝুঁকির মধ্যে কেন আসেন জানতে চাইলে শহরের সুত্রাপুর এলাকার শারমীন, জলেশ্বরীতলা এলাকার রাওয়ান ও মালতীনগর এলাকার সাদিয়া আফরীন জানান, এই মার্কেটে অল্প দামে ভাল কাপড় পাওয়া যায়। তাই শহরের মহিলারা এখানে বেশি আসেন। দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি দোকান থেকে প্রতিদিন ১৫ টাকা হারে চাঁদা নেওয়া হয়। এই টাকার এক ভাগ যায় স্থানীয় একটি প্রভাবশালী মহলের পকেটে। দুই ভাগ পায় রেলওয়ে পুলিশ ও রেলের স্থানীয় কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দোকানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদা না দিলে এখানে দোকান বসাতে দেওয়া হয় না। এ বিষয়টি দেখার জন্য আছে স্থানীয় একটি কমিটি। এই কমিটির সঙ্গে জড়িত আছেন হকার্স মার্কেটের সভাপতি খোকা মুন্সী। এই কমিটি ও রেলের লোকজনই চাঁদার টাকা ভাগ-বাটোয়ারা করে নেয়। এ ব্যপারে হকার্স মার্কেটের সভাপতি খোকা মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার (কমিটির) সাধারণ সম্পাদক এ বিষয়ে ভালো বলতে পারবেন। আমি এ বিষয়ে কিছু বলবো না।" রেলওয়ের বিভাগীয় ভূমি কর্মকর্তা (লালমনিরহাট) আবু সাঈদ বলেন, "অবৈধভাবে দোকান বসানোর বিষয়টি আমার জানা রয়েছে। এর সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষসহ প্রভাবশালী মহল জড়িত।" তিনি বলেন, অনেক সময় দেখা গেছে, অবৈধ ওইসব দোকান উচ্ছেদ করে বগুড়া থেকে চলে আসার পরই আবারো বসেছে। স্থানীয় যারা দায়িত্বে আছেন, তাদেরই বিষয়টি দেখা উচিত। গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে পুলিশের (জিআরপি থানা) ওসি সেকেন্দার আলী বলেন, রেলের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের। রেললাইনের ওপর দুর্ঘটনা হলে সেটা তারা দেখবেন। রেললাইনের উপর অবৈধভাবে দোকান বসালে সেটা দেখবে রেলওয়ের ভূমি কার্যালয়। তিনি জানান, চলতি বছরের এই পর্যন্ত বগুড়াসহ বোনারপাড়া জিআরপি থানাধীন রেললাইনে ট্রেনে কাটা পড়ে মারা গেছে ২৪ জন। বগুড়া রেলের কানুনগো ইকবাল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নতুন এসেছি, সেখানে মার্কেট বসে কিনা তা আমার জানা নেই।" বাইরে এসে দেখার জন্য অনুরোধ করলে তিনি বলেন, "পরে দেখবো।" বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, এই রেলপথে প্রতিদিন ২৮টি ট্রেন যাওয়া আসা করে। তিনি বলেন, "ট্রেনের আসা-যাওয়ার বিষয়টি আমাদের দেখতে হয়। নিরাপত্তা ও অবৈধ স্থাপনা দেখার জন্য অন্য বিভাগ রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০৯২০ ঘ.