২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দফা ৩৯ জেলায় সিএফএল বাল্ব বিতরণ শনিবার

দেশের ৩৯টি জেলায় দ্বিতীয় দফায় বিনামূল্যে বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল (কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প) বাল্ব বিতরণ করা হবে আগামী শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 12:32 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৩৯টি জেলায় দ্বিতীয় দফায় বিনামূল্যে বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল (কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প) বাল্ব বিতরণ করা হবে আগামী শনিবার। এসব জেলায় ৫০ লাখ সিএফএল বাতি বিতরণ করা হবে বলে বিদ্যুৎ, জ্বালাান ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের ১৯ জুন দেশের ২৭টি জেলায় ৫৫ লাখ সিএফএল বাল্ব বিনামূল্যে বিতরণ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় দফায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কর্ম-এলাকায় এ বাল্ব বিতরণ করা হবে। এসব কোম্পানি ও সংস্থার প্রতিনিধিরা তা বিতরণ করবেন। যেসব জেলায় শনিবার (২৩ অক্টোবর) বাল্ব বিতরণ করা হবে, সেগুলো হলো- ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, পাবনা, বগুড়া, নওগাঁ, বাগেরহাট, গোপালগঞ্জ, বরিশাল, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, রাজবাড়ী, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, খুলনা এবং ঝিনাইদহ। 'ইফিশিয়েন্ট লাইটিং ইনিশিয়েটিভ ফর বাংলাদেশ' শীর্ষক প্রকল্পের আওতায় বিনামূল্যে এ বিদ্যুৎ সাশ্রয়ী বাতি বিতরণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় পরবর্তীতে আরো এক কোটি ৭৫ লাখ সিএফএল বাল্ব বিনামূল্যে বিতরণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৮২৩ ঘ.