ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে তিন কোটিরও বেশি শিশু দারিদ্রসীমার নিচে অবস্থান করছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফ।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণে আর্থ-সামাজিক অসমতা নিরসন: সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনিয়োগ' শীর্ষক সেমিনারে উপস্থাপিত এক প্রতিবেদনে এই তথ্য জানান বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি ক্যারল ডি রয়।
এই শিশুদের জীবন মান উন্নয়নে সরকারের অর্থ বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
ক্যারল ডি রয় বলেন, "বাংলাদেশের মোট জনসংখ্যার (১৫ কোটি) ৪৫ ভাগই শিশু। শিশুদের ৪৬ ভাগই দারিদ্রসীমার নিচে অবস্থান করে এবং এক চতুর্থাংশ শিশু বাস করে চরম দারিদ্র সীমার নীচে। অথচ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় শিশুদের জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রত্যক্ষ বরাদ্দ মাত্র ১ দশমিক ৪৪ শতাংশ।"
বাজেট বরাদ্দের সুপারিশ করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উন্নয়ন বাজেটের অনেক অর্থ অব্যবহৃত থাকে। এই অব্যবহৃত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার কাজে পুন:বরাদ্দ করা যেতে পারে।
ক্যারল ডি রয় প্রতিবেদনে উল্লেখ করেন, দরিদ্র শিশুদের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শহরের কর্মজীবি শিশু, পথে বসবাসকারী শিশু ও অনাথ শিশুরা। ধারণা করা হচ্ছে, ২০১১ সালের মধ্যে শহরে ১০ থেকে ১৪ বছর বয়সী কর্মজীবি শিশুর সংখ্যা হবে সাড়ে ৯ লাখ এবং পথে বসবাসকারী ও ১৪ বছর বয়স পর্যন্ত অনাথ শিশুর সংখ্যা হবে ১০ লাখ।
প্রতিবেদনে বলা হয়, ৮৪টি বিভিন্ন ধরণের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ১৬টি কর্মসূচি সরাসরি শিশুদের সঙ্গে সম্পর্কিত। আবার এ ১৬টি কর্মসূচির মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে মাত্র ৪টি।
সর্বাধিক সুবিধাবঞ্চিত শিশুদের চাহিদাগুলোকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ সরকার ইউনিসেফের সঙ্গে যৌথভাবে তিনটি কার্যক্রম বাস্তবায়ন করছে। এগুলো হলো- শহরের কর্মজীবি শিশুদের জন্য মৌলিক শিক্ষা কার্যক্রম (হার্ড টু রিচ), ঝুঁকিকিপূর্ণ শিশুদের সুরক্ষা (পিকার) এবং আমাদের শিশু। চলতি বাজেটে এসব কার্যক্রমের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪৩০ কোটি টাকা।
এ বরাদ্দ বাড়ানোর সুপারিশ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী অর্থবছরে ৬৭২ কোটি টাকা এবং ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ১৩৪৩ কোটি টাকা রাখা উচিৎ।
বাংলাদেশ অর্থনৈতিক সমিতি ও ইউনিসেফ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিশুদের জন্য চারটি সমস্যার কথা উল্লেখ করেন।
এ চারটি সমস্যা হলো-আয়ের অসাম্য, অপুষ্টি, দরিদ্রতার জন্য বিদ্যালয় থেকে ঝড়ে পড়া এবং জন্মের সময় সেবা না পাওয়া।
এসব সমস্যা কমিয়ে আনার ক্ষেত্রে সরকার কাজ করছে বলে জানান তিনি।
শিশুদের উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়ানো হবে কী না-অনুষ্ঠান শেষে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "প্রতিবছরই বরাদ্দ বাড়ানো হচ্ছে।"
সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী বলেন, "বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি শিশুদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে সহায়তার জন্য উন্নয়ন সহযোগিদেরও এগিয়ে আসতে হবে।"
অনুষ্ঠানে 'ইউনিসেফ গ্লোবাল রিপোর্ট ফর চিলড্রেন: অ্যাসিভিং এমডিজিস উইথ ইক্যুইটি' প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৭২০ ঘ.
bdnews24