২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল প্যারাসিটামল মামলা ১৮ বছর পর আসামির পক্ষে বললেন বাদি!

ভেজাল প্যারাসিটামল পানে শিশুমৃত্যুর মামলায় ১৮ বছর পর আসামিদের পক্ষে কথা বলেছেন বাদি। লোভে পড়ে তিনি এমন করেছেন বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 05:13 PM

Updated : 25 Aug 2022, 07:25 PM

প্রকাশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল প্যারাসিটামল পানে শিশুমৃত্যুর মামলায় ১৮ বছর পর আসামিদের পক্ষে কথা বলেছেন বাদি। লোভে পড়ে তিনি এমন করেছেন বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলার বাদি এবং ওষুধ প্রশাসন পরিদপ্তরের তৎকালীন তত্ত্বাবধায়ক মো. আবুল খায়ের চৌধুরি বুধবার আসামি পক্ষের আইনজীবীদের জেরায় আসামিদের পক্ষে কথা বলেন। এ অবস্থায় আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিচারকের কাছে জেরা মূলতবির লিখিত আবেদন জানান। তিনি বলেন, "মামলাটির বাদি বিশেষ উদ্দেশ্যে, লোভে পড়ে অভিযুক্তদের পক্ষ নিয়ে জেরার উত্তর দিচ্ছেন।" বিচারক মো. আবদুল মজিদ আবেদন মঞ্জুর করে আগামি ৫ জানুয়ারি আবারো বাদির সাক্ষ্যগ্রহণের দিন রাখেন। মাহমুদ হোসেন দাবি করেন, "১৯৯১ সালের বিভিন্ন সময় এ্যাডফ্লেইম ফার্মাসিটিউক্যালসের উৎপাদিত প্যারাসিটামল খেয়ে প্রায় একশ শিশুর মৃত্যু হয়।" এ ঘটনায় ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর এ্যাডফ্লেইমের অংশীদার ডা. হেলেনা পাশা, আজফার পাশা, ইশরাত পাশা, জাহিদ ইফতিখার পাশা, প্রশাসনিক ব্যবস্থাপক মিজানুর রহমান, উৎপাদন কর্মকর্তা নৃগেন্দ্র নাথ বালা ও জনৈক নোমানের বিরুদ্ধে মামলা করেন মো. আবুল খায়ের চৌধুরি। মামলায় ১৯৯৪ সালের ২৮ মে নোমান ও নৃগেন্দ্রকে পলাতক দেখিয়ে আদালতে অভিযোগ গঠন করা হয়। ওই বছরের ২৩ জুলাই মামলাটিতে বাদি আদালতে এসে সাক্ষী হিসাবে জবানবন্দি দেন। পরে অভিযুক্তরা এ মামলা খারিজ চেয়ে হাইকোর্টে যান। হাইকোর্ট ২০০৭ সালের ২৮ মার্চ আবেদন নাকচ করে তা বিচারের জন্য ওষুধ আদালতে ফেরত পাঠায়। এর পর দীর্ঘদিন মামলাটির নথি খুঁজে পাওয়া যায়নি। গত বছরের ২০ সেপ্টেম্বর নথিটি এ আদালতের আলমারি থেকে উদ্ধার করা হয়।এ আদালতের এর আগের বিচারক মো. গোলাম মতুর্জা মজুমদার এ কারণে তৎকালীন পেশকারকে কারণ দর্শাতে বলেন। মামলা প্রসঙ্গে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ ১৯ বছরে মানুষ ভেজাল প্যারাসিটামলে এতগুলো শিশু মৃত্যুর ঘটনা ভুলে গেছে। আর এ সুযোগে বাদি অন্যায় লোভে পড়ে সুকৌশলে আসামিদের পক্ষ নিয়ে জেরার জবাব দিচ্ছিলেন।" আসামি পক্ষ তাকেও দলে ভেড়ানোর চেষ্টা করেছিলো বলে দাবি করেন মাহমুদ। ২০০৯ সালের জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত রীড ফার্মাসিটিউক্যালসের উৎপাদিত ভেজাল প্যারাসিটামল পানে প্রায় ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ভেজাল ওষুধ উৎপাদনের মামলার বিচারও চলছে এ আদালতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি//পিডি/২২৫৮ঘ.