পাবনা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের মধ্যে কোন্দলের জেরে পাবনায় কথিত চরমপন্থী দলের তিনজন খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার জেলার আতাইকুলা, সাঁথিয়া ও আটঘরিয়া উপজেলায় এই তিনটি খুনের ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ ও বগুড়া প্রতিনিধি জানান।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. জাহাঙ্গীর হোসেন মাতব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরমপন্থী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও চাঁদাবাজি করে পাওয়া টাকা ভাগাভাগি নিয়ে এই তিনটি খুনের ঘটনা ঘটেছে।"
খুন হওয়া তিনজন হলেন- আতাইকুলা উপজেলার সদাউল্লাহপুর চোরডাঙ্গা গ্রামের সিদ্দিক প্রামাণিক (৩৫), সাঁথিয়ার বিলাঙ্গা গ্রামের বিশু প্রামাণিক (২৬) ও আটঘরিয়ার সাতগাছা গ্রামের খোকন (২৮)।
আতাইকুলা থানার ওসি সিরাজুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার গভীর রাতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির জনযুদ্ধ গ্র"পের সদস্য সিদ্দিককে বাড়ির উঠানে বোমা মারে প্রতিপক্ষ একই সংগঠনের প্রতিপক্ষ কয়েকজন।
আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তির পর বুধবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সিদ্দিকের মা হানিফা খাতুন বাদি হয়ে একটি মামলা করেছেন বলে ওসি জানান।
সাঁথিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হাটবাড়িয়া-বোয়ালমারি বাজারের কাছে একটি নার্সারির ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জনযুদ্ধের বিশুকে।
তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে ওসি জানান।
তিনি জানান, বিকালে বিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
আটঘরিয়া থানার ওসি আবু হানিফ জানান, উপজেলার সাতগাছিয়া এলাকায় দুপুর ৩টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে খোকনকে।
খোকন 'বাহিনী' নামে স্থানীয় একটি দুর্বৃত্ত দলের সদস্য ছিলেন।
ওসি জানান, তার বিরুদ্ধে আটঘরিয়ায় তিনটি ও চাটমোহর থানায় একটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24