ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ, পরিস্থিতি এবং আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে স্কুলের সময় নির্ধারণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখতেও প্রাথমিক শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
সমিতির সভাপতি আবদুল আওয়াল তালুকদার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এসময় শিক্ষক নেতারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
শেখ হাসিনা শিক্ষকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, "সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্যও কল্যাণ ট্রাস্ট থাকা উচিত।
"বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশের গুরুদায়িত্ব পালনের ব্যস্ত সময়েও প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন।"
এসময় শিক্ষকদের পক্ষ থেকে ১ জুলাই প্রাথমিক শিক্ষা জাতীয়করণ দিবস পালনের দাবি তোলা হলে তিনি সম্মতি জানান।
প্রধানমন্ত্রী শিক্ষার মান বাড়ানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সরকার ইতোমধ্যে শিক্ষকদের প্রশিক্ষণের পদক্ষেপ নিয়েছে। স্কুল থেকে ঝরে পড়া ঠেকাতে ছাত্র-ছাত্রীদের খাবার সরবরাহের চিন্তা-ভাবনা করছে সরকার। তিনি এ ব্যাপারে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, শিক্ষক সমিতির উপদেষ্টা জোবেদা খাতুন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১৫২ ঘ.
bdnews24