২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতির' সংসদীয় তদন্তে মন্ত্রীর না

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত যোগাযোগ মন্ত্রণালয়ই করবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত যোগাযোগ মন্ত্রণালয়ই করবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ ব্যাপারে একটি উপ-কমিটি গঠন করতে চাইলে বুধবার কমিটিকে তিনি এ কথা বলেন। আবুল হোসেন বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত যোগাযোগ মন্ত্রণালয় করবে। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ মুজিবর রহমান সাংবাদিকদের বলেন, "আমরা তদন্ত কমিটি গঠন করতে চেয়েছিলাম। কিন্তু মন্ত্রী আমাদের জানান যে তার মন্ত্রণালয়ের কর্মকর্তারাই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করবেন।" কমিটির সদস্য অপু উকিল সাংবাদিকদের বলেন, গণমাধ্যমে ওই দুই উর্ধ্বতন কর্মকর্তার 'বেআইনি' কার্যকলাপের সংবাদ প্রকাশের পর কমিটি এ ব্যাপারে আলোচনা করেছে। প্রয়োজনে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, "আমরা ওই তদন্তটি দেখব। মন্ত্রণালয়ের তদন্তে কমিটির সদস্যরা সন্তুষ্ট না হলে আমরা সংসদীয় তদন্ত কমিটি গঠন করব।" সংসদ সচিবালয় সূত্র জানায়, গণমাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগে অনিয়মের খবর প্রকাশিত হলে সংসদীয় স্থায়ী কমিটি প্রায়শই তদন্ত কমিটি গঠন করে । কিন্তু অধিকাংশ তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেয় না মন্ত্রণালয়গুলো। এছাড়া, অনেক উপ-কমিটিই সঠিকভাবে তাদের প্রতিবেদন দাখিল করে না বলেও জানান কর্মকর্তারা। সংসদের কার্য প্রণালী বিধি অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়ে অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠনের এখতিয়ার রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত ১০ সদস্যের সংসদীয় স্থায়ী কমিটির। তবে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নে কোনো বাধ্যবাধকতা না থাকায় মন্ত্রণালয় চাইলে তা অগ্রাহ্য করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/২০৫০ ঘ.