ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ৫০ কোটি ডলার বেড়ে দুশ ৯০ কোটি ডলার হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এর নির্মাণ শুরু হবে মার্চে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিশ্ব ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে ঢাকায় ফিরে বুধবার সাংবাদিকদের বলেন, "পদ্মা সেতুর নির্মাণে কিছু পরিবর্তন আনায় খরচ বেড়ে দুশ ৯০ কোটি ডলার হয়েছে।"
সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভুইয়া জানিয়েছেন, পদ্মার সেতুর সম্ভাব্য দৈর্ঘ্য বাড়িয়ে ১০ কিলোমিটার করা হয়েছে।
এর আগে সেতুটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয় দুশ ৪০ কোটি ডলার। নির্মাণ ব্যয়ের অর্ধেক একশ ২০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিলো বিশ্বব্যাংক।
এর আগে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছিলেন, আগামী জানুয়ারিতে পদ্মা সেতুর নির্মান কাজ শুরু হবে।
বিশ্বব্যাংক অর্থ সহায়তা আরো বাড়াতে চেয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "তারা (বিশ্ব ব্যাংক) আগের থেকে ৩০ কোটি ডলার বাড়িয়ে একশ ৫০ কোটি ডলার দেবে।"
বিশ্বব্যাংকের আপত্তির কারণে পদ্মা সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগের জন্য পুনরায় প্রাক-যোগ্যতা দরপত্র ডাকতে হচ্ছে সরকারকে।
গত ৩০ সেপ্টেম্বর সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "গত এপ্রিলে আহ্বান করা প্রাক-যোগ্যতা দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর দুটি বিষয়ে যোগ্যতা থাকার কথা ছিলো। কিন্তু অংশ নেওয়াদের দুটি যোগ্যতাই নেই। তাই বিশ্বব্যাংকের আপত্তির কারণে নতুন করে দরপত্র ডাকা হবে।"
অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরের সময় কমনওয়েলথ অর্থমন্ত্রীদের বৈঠক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সাধারণ সভায়ও যোগ দেন। এসময় তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, "বিশ্বব্যাংকের সঙ্গে সেতুটির কারিগরি বিষয়, নকশা ও অর্থ বিষয়ক সব দ্বিমতের অবসান হয়েছে।"
সংবাদ সম্মেলন শেষে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদীর গভীরতার জন্য পাইলিংয়ের খরচ বেড়ে যাওয়া এবং সেতুর আয়তন বৃদ্ধি পাওয়ার কারণেই খরচ বেড়ে গেছে।"
আগে সেতুটির দৈর্ঘ্য ছয় দশমিক ১৫ কিলোমিটার ধরা হলেও সচিব এখন পানির ওপরেই থাকবে ছয় দশমিক ১৫ কিলোমিটার। এছাড়া দুই পাশে মাটিতে আরো দুই কিলোমিটার করে চার কিলোমিটার হবে।
তিনি জানান, সেতু নির্মানে ৬১ কোটি ৫০ লাখ ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাইকা দেবে ৪১ কোটি ৫০ লাখ ডলার।
ইতোমধ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার বরাদ্দ দিয়ে দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনার অন্যান্য বিষয়ে তিনি বলেন, "আগামী চার বছরে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ছয়শ ২০ কোটি ডলার অর্থ সহায়তা দেবে। এছাড়া আইএমএফ আগামী তিন বছরে কোনো 'কন্ডিশন ও চার্জ' ছাড়াই একশ কোটি ডলার অর্থ সহায়তা দেবে।"
এদিকে মশিউর রহমান বলেন, "চীন বাংলাদেশকে যে ঋণ দিয়েছে তা পরিশোধ করতে হবে না।"
১৯৭৭ সাল থেকে চীন বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ দিলেও কত টাকা পরিশোধ হয়েছে তার সঠিক কোনো হিসাব নেই বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১১৮ঘ.
bdnews24