নড়াইল, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে এক হিন্দু বাড়িতে প্রতিমা ভাংচুরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই গ্রামের পালপাড়ার অনিল পালের বাড়িতে মঙ্গলবার মধ্যরাতে লক্ষ্মী প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
এতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন জন হলেন- ওই গ্রামের ফুল মিয়ার ছেলে গোলাম সরোয়ার (৪২), রাজ্জাক শেখের ছেলে ফারুক শেখ (২৮) ও আশরাফ আলী ছেলে মিরাজ (২১)।
অনিল পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্গাপূজার সময় তারাশি গ্রামের মন্দিরের পাশে বসে তাস খেলতে বাধা দেওয়ায় সরোয়ারের সঙ্গে বিরোধ বাধে।
"এর জের ধরে মঙ্গলবার রাতে সরোয়ারের নেতৃত্বে একদল আমার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির বারান্দায় বিক্রির জন্য রাখা ১০/১২ টি প্রতিমা ভাংচুর করে।"
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করে ২/৩টি প্রতিমা ভাংচুরের আলামত মিলেছে। এতে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪১ ঘ.
bdnews24