২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

পাবনা ও কক্সবাজারে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। কক্সবাজারে নিহত রাশেদউদ্দিন চৌধুরী বাবর সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের ছোট ভাই। পাবনায় নিহত ফারুক আহমেদ পবন চরমপন্থী নেতা বলে পুলিশ জানিয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 05:38 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা ও কক্সবাজারে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। কক্সবাজারে নিহত রাশেদউদ্দিন চৌধুরী বাবর সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের ছোট ভাই। পাবনায় নিহত ফারুক আহমেদ পবন চরমপন্থী নেতা বলে পুলিশ জানিয়েছে। বুধবার ভোর রাতে 'বন্দুকযুদ্ধের' ঘটনা দুটি ঘটে বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। অন্যদিকে পাবনায় প্রতিপক্ষের হামলায় আরেক চরমপন্থী নিহত হয়েছ বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কক্সবাজার প্রতিনিধি জানান, সেখানে নিহত বাবরকে (৩২) র‌্যাব ও পুলিশ সন্ত্রাসী বললেও তার পরিবার বলছে, সরকার দলের সমর্থক বাবরকে তার দলীয় প্রতিপক্ষের প্ররোচনায় র‌্যাব হত্যা করেছে। র‌্যাব-৭ এর কর্মকর্তা মেজর আশফাক সাংবাদিকদের বলেন, "র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী বাবর মারা গেছে। রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।" জেলা সদরের ফরিদ আহমদ কলেজ থেকে প্রায় ৫০ গজ দক্ষিণে মেহেরঘোনা কবরস্থানের কাছে বাবর নিহত হয়। বাবর 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' সংগঠনের কক্সবাজার জেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন জানিয়ে তার বড় ভাই ভাইস চেয়ারম্যান আলমগীর চৌধুরী হিরু সাংবাদিকদের বলেন, "গতকাল সকালে ঢাকা হাইকোর্ট এলাকা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক বাবরকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। রাতে মেহেরঘোনা কবরস্থানে এনে তাকে হত্যা করা হয়।" একটি মামলায় জামিন নিতে বাবর মঙ্গলবার ঢাকা যান বলে হিরু জানান। মেহেরঘোনা গ্রামের বাসিন্দা আবদুর রহমান ও মুজিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর হওয়ার পর অস্ত্রধারী কয়েকজন লোক স্থানীয়দের লাশ দেখিয়ে বলে পরিচয় জানতে চায়। এরপর লাশটি গাড়িতে তুলে নিয়ে যায়। কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাব সদস্যরা ভোরে বাবরের লাশ নিয়ে আসেন। পরে পুলিশ তা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। বাবরের ভাই হিরু জানান, ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর একটি অনুষ্ঠানের বাবরের সঙ্গে এক নেতার বিরোধ সৃষ্টি হয়। তা নিয়ে বাবরের বিরুদ্ধে একটি মামলা হয়। সে মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতেই বাবর ঢাকা গিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক বাবরের এক আত্মীয় বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা এরশাদ হত্যা মামলার প্রধান আসামি সোহেল সরওয়ার জাহান চৌধুরীকে দেখে বাবরসহ যুবলীগের কয়েকজন তাকে বাধা দেয়। সোহেল সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এর কয়েকদিন পর সোহেলের ওপর হামলা হলে তিনি যে মামলা করেন, তাতে বাবরও আসামি। দলীয় প্রতিপক্ষ র‌্যাবকে প্রভাবিত করে বাবরকে হত্যা করেছে অভিযোগ করে এ ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন হিরু। পাবনা প্রতিনিধি জানান, ঈশ্বরদী উপজেলার বড়ইচরা গ্রামে ভোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) কেন্দ্রীয় নেতা পবন (৪০)। র‌্যাব বলছে, 'চরমপন্থীদের' গোপন বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল ভোর ৫টার দিকে বড়ইচরা গ্রামে অভিযানে যায়। ওই সময় বঠককারীরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের 'বন্দুকযুদ্ধে'র এক পর্যায়ে 'চরমপন্থীরা' পালিয়ে গেলে ঘটনাস্থলে পবনের লাশ পাওয়া যায় বলে পুলিশ জানায়। পুলিশ জানিয়েছে, পবনের বিরুদ্ধে হত্যার অভিযোগে ছয়টি মামলা রয়েছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় পবন আটটি এসএমজি এবং ১৫শ রাউন্ড গুলিসহ র‌্যাবের হাতে ধরা পড়েছিলো। এদিকে রাত ৩টার দিকে সদর উপজেলার চড়াডাঙ্গি গ্রামে বোমা হামলায় সিদ্দিক নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২০ ঘ.