ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ইউরোপীয় বিনিয়োগ আরো বাড়াতে দেশের বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশে ইইউ'র রাষ্ট্রদূত স্টেফান ফ্রোয়েন।
ইউরোপের নয়টি দেশের রাষ্ট্রদূত দীপু মণির সঙ্গে দেখা করেন। এসময় ১৫ লাখ ইউরো ব্যয়ে ঢাকায় সন্ত্রাসবাদবিরোধী আঞ্চলিক কেন্দ্র স্থাপনে সহযোগিতারও আশ্বাস দেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এরকম একটি কেন্দ্র স্থাপনের সম্ভাবনা বিবেচনা করে দেখছে সরকার।
বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী বাংলাদেশে ইইউ'র বিনিয়োগের পরিমাণ প্রায় ৪০ কোটি ডলার। মূলত সিমেন্ট, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যে এ বিনিয়োগ করেছে ইইউভুক্ত দেশগুলো।
স্টেফান ফ্রোয়েন বিশেষ করে নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ খাতের উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যুৎ পরিস্থিতির শিগগিরই উন্নতি হবে বলে ইইউ প্রতিনিধিদের আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি।
বাংলাদেশের তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে। ২০০৬ সালে ইইউতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিলো প্রায় চারশ ৩৭ কোটি ইউরো। সেটি ছিলো সেসময় দেশের মোট রপ্তানি আয়ের ৫৬ শতাংশেরও বেশি।
বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত শার্লি কঁজার, স্পেনের আর্তুরো পেরেজ মার্তিনেয, নেদারল্যান্ডসের আল্ফোন্স হেনেকেন্স, ইতালির ইতালা ওচ্চি এবং জার্মান, ড্যানিশ, বৃটিশ ও সুইডিশ মিশনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এনএস/টিএ/পিডি/২২২৪ঘ.
bdnews24