ভোলা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলায় ভাড়াচালিত বিদ্যুৎ কেন্দ্রটি বিকল হয়ে পড়েছে। সেই সঙ্গে জাতীয় গ্রিডের সংযোগও বিচ্ছিন্ন হয়ে আছে।
এ কারণে রোববার থেকে তিনদিন ভোলার সাতটি উপজেলা বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে।
রোববার সন্ধ্যায় ভোলার গ্যাসভিত্তিক ভাড়াচালিত ৩৪ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি বিকল হয়ে যায়।
এছাড়া ১০ দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে জাতীয় গ্রিড। তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে আসা ক্যাবলের প্রায় দুই কিলোমিটার অংশ স্রোতে ভেসে গেছে।
ভাড়াচালিত বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, রোববার সন্ধ্যা ৬টায় লাইনের ত্র"টির কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।
ত্র"টি সারানোর পর কেন্দ্রটি চালুর জন্য প্রস্তুত করা হয়েছে। এখন সহায়ক বিদ্যুতের অভাবে চালু করা যাচ্ছে না।
তিনি বলেন, ভোলা বিদ্যুৎ বিভাগের ডিজেল ইঞ্জিন চালুর চেষ্টা চলছে। একটি চালু হয়েছে। আরেকটি চালু করতে পারলে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা সম্ভব হতো।
এ দুটি ইঞ্জিনের উৎপাদন ক্ষমতা যথাক্রমে এক ও ছয় মেগাওয়াট।
পিডিবি জানায়, দীর্ঘদিন ডিজেল ইঞ্জিন দুটি বন্ধ থাকায় সমস্যা দেখা দিয়েছে। অনেক চেষ্টা করেও একটি ইঞ্জিন চালু করা সম্ভব হচ্ছে না।
ভোলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, ইঞ্জিন দুইটি প্রতিদিন দুই ঘণ্টা করে চালু রাখতে পারলে এ ধরনের সমস্যা দেখা দিতো না।
তিনি দাবি করেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও অমলে নেওয়া হয়নি।
বিদ্যুৎ বিভাগ জানায়, তেঁতুলিয়া নদীর তলদেশে ক্যাবল সংযোগের কাজ আরো এক সপ্তাহেও শেষ করা সম্ভব হবে না।
ভাড়াচালিত বিদ্যুৎ কেন্দ্রটিও যদি এর মধ্যে চালু করা সম্ভব না হয় তবে ভোলার প্রায় ২১ লাখ মানুষকে কমপক্ষে আরো এক সপ্তাহ অন্ধকারে থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভোলা প্রতিনিধি জানান, লক্ষাধিক মানুষের ভোলা শহরে বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী।
সারাদিন অপেক্ষার পর বিকাল নারী-পুরুষদের দূর-দূরান্তের পুকুরে গিয়ে জরুরি কাজ সারতে দেখা গেছে।
এদিকে ভোলায় বিদ্যুতের এই সংকট দ্রুত সমাধানের দাবিতে মঙ্গলবার বিকালে শহরের বাংলা স্কুল মাঠে সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ।
সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এর ভোলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন- স্থানীয় সাংবাদিক নজরুল হক অনু, মোকাম্মেল হক মিলন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24