ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টি হলেও জাতীয় ঈদগাঁয় যেন নামাজ পড়তে সমস্যা না হয়, সেজন্য পুরো ময়দান ত্রিপল দিয়ে ঢাকা থাকবে।
ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাঁয় ঈদুল আজহার প্রধান জামায়াত সকাল ৮টায় করার সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী ১৬ অথবা ১৭ নভেম্বর। তবে সবকিছুই নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জানানো হয়, আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রধান জামায়াত হবে।
বরাবরের মতোই ময়দান ও মসজিদে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হবে।
ঈদের দিন বিভিন্ন হাসপাতাল ও কারাগারে উন্নত খাবার পরিবেশন এবং নগরীর বিভিন্ন সড়ক, সড়ক-দ্বীপ এবং ভবনে আলোকসজ্জা করা হবে বলে সভায় জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৩০ ঘ.
bdnews24