ঢাকা, ১৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর গুলশান থানা এলাকায় সোমবার ভোরে সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের তিনজন আহত হন।
আহতরা হলেন- আসমা বেগম (৩৫), তার বোনের মেয়ে বকুল (২৫) এবং বকুলের স্বামী মো. হাসান (৩০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর চারটার দিকে গুলশানের নর্দার ৬৫/২ নম্বর টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। গুলিতে আহত হাসান একজন চিহ্নিত গাড়ি ছিনতাইকারী।
তিনি জানান, হাসান প্রায় তিনমাস আগে র্যাবের হাতে গ্রেপ্তার হয়। একই সময় অপর গাড়ি ছিনতাইকারী আনুও গ্রেপ্তার হয়। কিছুদিন আগে হাসান জামিনে বের হয়ে নর্দা এলাকায় বাসা ভাড়া নেয়। পরে আনুও জামিনে বের হয়ে এসে হাসানকে খুঁজতে থাকে।
হাসানের বাসার খোঁজ পেয়েই দুই বন্ধুকে নিয়ে ভোরে এই হামলা চালায় বলে জানান ওসি।
তিনি জানান, টিনশেড ওই ঘওে তিনজন থাকতো। সন্ত্রাসীরা ঘরের ভেতর ঢুকে প্রথমে হাসানকে গুলি করে। গুলি হাসানের ঘাড়ে বিদ্ধ হয়। এসময় স্বামীকে রক্ষায় বকুল এগিয়ে এলে তাকেও গুলি করে সন্ত্রাসীরা। বকুল পেটে গুলি লাগে। সন্ত্রাসীরা যাওয়ার সময় আসমা বেগমের পায়ে গুলি করে।
হাসানের দাবি অনুযায়ী আনু এই হামলা চালায় বলে জানান পুলিশ কর্মকর্তা। তিনি আরো বলেন, "হাসানের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে র্যাবের হাতে আনু গ্রেপ্তার হওয়ার পেছনে হাসানের হাত ছিল। তাছাড়া ভাগবাটোয়ারা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এরই প্রতিশোধ নিতে এই হামলার ঘটনা ঘটে।"
হাসান সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি কামাল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২৩০০ ঘ.
bdnews24