নারায়ণগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের বিশ্বরোড এলাকায় রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে।
ডাকাতদের হামলায় আহত হয়েছে ১৬ যাত্রী।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে বলে বাসযাত্রী ও পুলিশ জানিয়েছে।
ডাকাতেরা যাত্রীদের নগদ টাকা, ২১টি মোবাইল সেট, স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
আহতদের মধ্যে জসিমউদ্দিন (২৪), জহির রহমান (২৭), এনামুল হক রনি (১৯), রোমান (১৮), শরিফুল ইসলাম (২২), আবু সিদ্দিক (৩২), আতিকুর রহমানকে (৩৮) ভুলতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদের ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাকাতদের কবলে পড়া বাসযাত্রী সিদ্দিকুর রহমান, রোমান, রনি, শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, যাত্রীবেশী ১৪/১৫ সদস্যের একদল ডাকাত সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কুলিয়ারচরগামী স্বপ্ন বিলাস পরিবহনের (ঢাকা মেট্টো-গ-১৪-২৬৫১) যাত্রীবাহী বাসে উঠে।
বাসটি কাঁচপুর সেতু এলাকায় পৌঁছার যাত্রীবেশী ডাকাতেরা অস্ত্রের মুখে বাস চালক সালামকে জিম্মি করে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কে না গিয়ে বিকল্প পথে মদনপুর-গোলাকান্দাইল সড়ক ব্যবহার করে।
গোলাকান্দাইল এলাকায় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যাত্রীদের মালামাল লুটপাট করে। পরে তারা রূপগঞ্জের গোলাকান্দাইল নীলভিটা এলাকায় এসে বাস থেকে নেমে গ্রামের ভিতর চলে যায়।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, বাসের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি চাপাতি ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ডাকাতদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বাসটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৩ ঘ.
bdnews24