হাতিয়া, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়া উপজেলার দুর্গম চরাঞ্চলে বনদস্যুদের তাণ্ডবের খবরে ওই এলাকায় যৌথ অভিযান শুরু করেছে র্যাব ও পুলিশ।
অভিযানে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশের ২০০ সদস্য ও মেজর আবদুর রহমানের নেতৃত্বে র্যাবের ৪০ জন সদস্য রয়েছেন।
ঘটনাস্থল থেকে পুলিশ সুপারিনটেনডেন্ট হারুনুর রশিদ হাযারী বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে এসব তথ্য জানান।
তিনি জানান, বনদস্যুদের নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ, র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র পৃথক তদন্ত দল কাজ করছে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার হাতিয়ার চর বাশার, চর জাহাজিয়া, চর নঙ্গলিয়া, নলেরচর ও কেরিংচরে বনদস্যু নাসির বাহিনীর সঙ্গে মিয়া সিকদার বাহিনী, মুন্সিয়া বাহিনী ও গিয়াস বাহিনীর কয়েক দফা বন্দুকযুদ্ধ হয়।
এক পর্যায়ে তিনটি বাহিনীর সদস্যরা চর থেকে পালিয়ে গেলে নাসির বাহিনী চরের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে হত্যা, অপহরণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়।
পরে সাতজনকে হত্যার অভিযোগ এনে শুক্রবার হাতিয়া থানায় মামলা দায়ের করেন চানন্দী ইউনিয়নের নলের চরের নাজিম উদ্দিন।
মামলায় দস্যুসর্দার নাসির, বোরহান সিকদার, বুলুমাঝি ও খলিল কমান্ডারসহ ১০৮ জনকে আসামি করা হয়েছে।
তবে গত রোববার রাতে জেলা প্রশাসক (ডিসি) সিরাজুল ইসলাম ও পুলিশ সুপারিনটেনডেন্ট দাবি করেন, হাতিয়ার চরাঞ্চলে হতাহতের বিষয়ে গণমাধ্যমে পরিবেশিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।
ডিসি সিরাজুল ইসলাম বলেন, "ওই এলাকাগুলো অত্যন্ত দুর্গম। তাই বনদস্যুদের হাতে হতাহতের বিষয়টি নিশ্চিত হতে সময় লেগেছে। কিন্তু চরের লোকজনের সঙ্গে আলাপকালে তারা হত্যা, ধর্ষণ বা অপহরণের বিষয়ে কেউই নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।"
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুবুর রশিদ বলেন, চরের বিস্তীর্ণ ফসলী জমির দখল নিয়ে নানা রকম বাহিনী তৈরি হয়। দুর্গম চরাঞ্চলে মাঝেমধ্যে এসব বাহিনী নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে এ পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তারা তথ্য পাননি।
শনিবার পুলিশের চারটি টিম নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুবুর রশিদ, সহকারি পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিন, হাতিয়া থানার ওসি জহিরুল ইসলাম ও চর জব্বর থানার ওসি আবুল কালাম ওই সব এলাকায় পৌঁছান।
যৌথ অভিযান প্রসঙ্গে পুলিশ সুপারিনটেনডেন্ট হারুনুর রশীদ বলেন, "চরকে অশান্ত করে যেসব দস্যু বাহিনী আতঙ্ক সৃষ্টি করছে তাদের সমূলে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
তিনি জানান, হাতিয়া থানায় দায়ের করা হত্যা মামলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24