২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

কুষ্টিয়া, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া সীমান্তে ঘাস কাটার সময় তাদের ধরে যায় ওপারের উদয়নগর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। পতাকা বৈঠকের পর বিকাল সাড়ে ৫টার দিকে তাদের ফেরত দেওযা হয় বলে জানিয়েছেন ৩২ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জাহিদ। তার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, ৩২ রাইফেলস ব্যাটালিয়নের অধীন প্রাগপুর কোম্পানি কমান্ডার ও বিএসএফ এর মেঘনা কোম্পানি কমান্ডেরর মধ্যে পতাকা বৈঠক হয়। মেজর জাহিদ আরো জানান, ফেরত দেওয়া পাঁচ কিশোরকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে প্রাগপুর কোম্পানি কমান্ডার জুলফিকার আলী সাংবদিকদের জানিয়েছিলেন, প্রাগপুর সীমান্ত এলাকায় সকালে বিডিআর ও বিএসএফ'র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ অপহৃতদের ফেরত দেয়নি। অপহৃত পাঁচ কিশোর হলো- দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামের ছইমুদ্দিন এর ছেলে ফারুক, জামরুলের ছেলে তারেক, ফরমানের ছেলে ঘেতু, জালালের ছেলে ফারুক ও বিল্লালের ছেলে সুমন। এদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। এলাকাবাসী জানায়, ভারতীয় ভূখন্ড সংলগ্ন দৌলতপুর সীমান্তের ১৫৩ নম্বর সীমানা পিলারের কাছে মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামের বাংলাদেশি পাঁচ কিশোর ঘাস কাটছিলো। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উদয়নগর ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খোদা বলেন, বাংলাদেশি ৫ কিশোরকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় দৌলতপুর সীমান্ত এলাকায় আতঙ্কের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। এ বছরই ঠাকুরগাঁও সীমান্ত থেকে কয়েক শিশুকে বিএসএফ ধরে নিয়ে যায়। পরে তাদের মধ্যে কয়েকজনকে ফেরত দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.