সুনামগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি ছুটি না থাকলেও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সোমবার ১২৭টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিলো।
সকালে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে গিয়ে ফেরত এসেছে।
কয়েকজন প্রধান শিক্ষক দাবি করেছেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে বিদ্যালয় বন্ধ রেখেছিলেন তারা।
সরকারি প্রজ্ঞাপনে ১২ থেকে ১৭ অক্টোবর ছিল শারদীয় দূর্গোৎসবের ছুটি। সোমবার থেকে যথারীতি পাঠদান শুরুর কথা।
সরজমিনে উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়গুলো তালাবদ্ধ। সকালে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে ফিরে গেছে।
বিদ্যালয়গুলো কেন বন্ধ রাখা হয়েছিলো- জানতে চাইলে উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবেশ রায়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নূর ইমান আলম, বড়দল নতুনহাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে বিদ্যালয় বন্ধ ছিলো। সরকারি ছুটি ছিল কিনা সেটা তারা জানেন না।
তাহিরপুর উপজেলা রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শিবরামপুর রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, শিক্ষা কর্মকর্তার নির্দেশে সরকারি, রেজিষ্টার্ড, কমিউনিটি মিলিয়ে উপজেলার ১২৭টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিলো।
উজান তাহিরপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রাসেল জানায়, সকালে এসে দেখে বিদ্যালয় বন্ধ। ছুটির খবর জেনে বাড়ি ফিরে যায় সে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যালয়গুলো কেন বন্ধ তা আমি জানি না। এ বিষয়ে আর কথা বলবো না।"
সুনামগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, "সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার সারা দেশে প্রাথমিক বিদ্যালয় খোলা রয়েছে। কিন্তু তাহিরপুরে কেন বন্ধ তা আমি খোঁজ নিচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৮ ঘ.
bdnews24