ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেদখল হওয়া রাজধানীর সব শিশুপার্ক উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সবাই ফ্ল্যাট ও অ্যাপর্টমেন্ট বানানোয় ব্যস্ত মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, "শিশুদের জন্য এক ইঞ্চি জায়গাও কেউ ছাড়তে চায় না।"
তিনি শিশুদের খেলোধুলার জায়গা রেখে আবাসন প্রতিষ্ঠানগুলোকে কাজ করার আহ্বান জানান।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৪৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের বাসায় বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে শেখ রাসেলকেও হত্যা করা হয়।
ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শেখ রাসেলের তখন বয়স ছিলো মাত্র ১০ বছর।
বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সেখানে আলোচনা সভা, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সনদ ও পদক বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ছোট ভাই রাসেলের স্মৃতিচারণ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, "বেঁচে থাকলে রাসেল আজ অনেক বড় হতো। ঘাতকরা তাকে বাঁচতে দেয়নি। আমরা তাকে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু পড়ালেখার ক্ষতি হবে বলে মা ওকে আমাদের সঙ্গে যেতে দেয়নি।"
তিনি প্রশ্ন করেন, শিশু রাসেলের কী অপরাধ ছিলো? কেন তাকে নিমর্মভাবে হত্যা করা হলো।
প্রধানমন্ত্রী বলেন, "যারা রাসেলকে হত্যা করেছে তারা কি শিশুদের অধিকার নিশ্চিত করতে পেরেছে? তারা তা পারেনি।"
"আমরা চাই না- আর কেউ রাসেলের মতো নিষ্ঠুরভাবে প্রাণ হারাক", বলে তিনি।
সন্ত্রাসবাদ দমনে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, এজন্য দরকার হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে হাসিনা বলেন, "দেশের মাটিকে আর সন্ত্রাসবাদের স্থান হতে দেবো না।"
'শিশু নীতিমালা' প্রণয়নের বিষয়টি উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও সুন্দর জীবন নিশ্চিত করতে চাই।
"আমরা এমন একটা দেশ উপহার দিতে চাই- যেখানে প্রতিটি শিশু তার নিজের জীবন নিরাপদে ও সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।"
শিশুদের ঝুকিপূর্ণ ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার না করার জন্যও সকলের প্রতি আহবান জানান তিনি।
হাসিনা বলেন, প্রতিটি শিশু যেনো মৌলিক অধিকার নিয়ে জীবন গড়ে তুলতে পারে সে লক্ষ্যেই তার সরকার কাজ করে যাচ্ছে।
"আমরা চাই না কোনো শিশু ছিন্নমূল হয়ে রাস্তায় ঘুরে বেড়াক", বলে প্রধানমন্ত্রী।
সমাজে ধনী-দরিদ্রের বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র বাবা-মা'র সন্তান যেনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়- সেজন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।
শারীরীক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করার আহবান জানিয়ে হাসিনা বলেন, সমাজে অনেক সময় শিশুদের ওপর অত্যাচার নির্যাতন হয়। সবকিছু আইন দিয়ে বন্ধ করা যায় না। মানুষের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতায় শেখ হাসিনা পুনরায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান।
মাগরেবের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে ফাতেহা পাঠ করেন। এর আগে বঙ্গবন্ধু ট্রাস্টের পক্ষ থেকে সোবহানবাগ মসজিদে মিষ্টি বিতরণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এমএসবি/১৬১৮ ঘ.
bdnews24