সাতক্ষীরা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিমা বিসর্জনের সময় সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতিতে দুটি যন্ত্রচালিত নৌকা ডুবে কমপক্ষে ৫ জন নিখোঁজ রয়েছেন।
দেবহাটা থানার ওসি আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইছামতী নদীর ভারতীয় পাড়ে টাকি নামে স্থানে দুটি বাংলাদেশি ট্রলারের (যন্ত্রচালিত নৌকা) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি নৌকাই ডুবে যায়।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি আরো জানান, দুটি নৌকার আরোহী প্রায় ১৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজদের সন্ধানে বিডিআর ও পুলিশের একটি যৌথ দল তল্লাশি শুরু করেছে।
দুর্গাপূজার শেষদিন রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে ইছামতিতে বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষের ভীড় জমে।
সাতক্ষীরার দেবহাটা, ভাতশালা, সোলপুর, টাউন শ্রীপুর, খানজিয়া, বসন্তপুর, উকসা, বাঁশঝাড়িয়া, কাকডাঙ্গা, ভাদিয়ালি ও চান্দুড়িয়া সীমান্তে এদিন দু'দেশের নাগরিকদের মিলন মেলা বসে।
সাতক্ষীরা সংলগ্ন ভারতের সোলাদানা, সোদপুর, টাকি, হাসনাবাদ, কালুতলা, বরুনহাট, হিঙ্গলগঞ্জ ও হাকিমপুর এলাকা জুড়েও মানুষের ঢল নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/২৩৫৫ ঘ.
bdnews24