চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় রোববার রাতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত ৬ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।
রাত পৌণে নয়টার দিকে সেতুর উত্তর পাড়ে গোলচত্বরে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়লে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন আবদুস সাত্তার (৩২) এবং সৈয়দ নূর (৪২)।
বাকলিয়া থানার ওসি মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার রুটের সুর্বণ গোল্ড পরিবহনের একটি বাস উত্তর পাড়ের গোল চত্বরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশের ফুটপাতে উঠে পড়ে। এ সময় বাসটির চাপায় ফুটপাতের চা দোকানের ক্রেতা আবদুস সাত্তার ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দোকানে বসে থাকা কয়েকজন আহত হন। দোকান ও দুটি রিক্সাকে চাপা দিয়ে বাসটি পাশের জমিতে পড়ে যায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসাধীনরা হলেন রহুল আমিন (২৫), আবু তাহের (৩৫), সুফিয়া (২৫), মিজানুর রহমান (২৫), সুস্মিতা (২২) এবং ইমতু (২০)।
বাসের চালক ও তার সহকারী পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএনএস/২৩৪৫ ঘ.
bdnews24