গাইবান্ধা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রোববার দুপুরে ভারত থেকে অবৈধভাবে আনা ১১ লাখ ট্যাবলেট আটক করেছে পুলিশ।
পুলিশ বলেছে, এসব ট্যাবলেট গরু মোটাতাজা করার জন্য ব্যবহার করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা সদরের কাছে ছয়ঘরিয়া এলাকায় ধানের তুষবাহী একটি ট্রাক তল্লাশি করে ১১টি বস্তায় ভরা ট্যাবলেটগুলো আটক করা হয়।
আটক ট্যাবলেটগুলোর মধ্যে ছিলো- ৬ লাখ ডেক্সিন, ৫ লাখ ইউনিপ্রক্স ও এক হাজারটি ক্লোরোফরম।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সাংবাদিকদের জানান, ট্রাকটি দিনাজপুরের হিলি থেকে জয়পুরহাট হয়ে বগুড়া যাচ্ছিলো। সন্দেহ হলে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ ট্রাকটি ধাওয়া করে।
এক পর্যায়ে ট্রাকটি গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ সড়কে ঢুকে পড়ে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ধাওয়া করলে চালক ট্রাকটি ছয়ঘরিয়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
ওসি জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24