রাজশাহী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইনচ্যুতির ৩ ঘণ্টা পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
রাজশাহী রেলওয়ের সুপারিনটেন্ডেন্ট আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বগি লাইনচ্যুত হওয়ার পরপরই উদ্ধারের কাজ শুরু হয়। রোববার বেলা ১টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাজশাহী কোর্ট স্টেশনের অদূরে বেলডাঙ্গা এলাকায় সকাল ১০টার দিকে চাঁপাইনবাগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
মহানন্দা এক্সপ্রেসের চালক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রয়োজনীয় স্লিপার না থাকায় ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, "দ্রুত এই রেল লাইন সংস্কার করা না হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।"
এর আগে গত ৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা সিক্স ডাউন নামের একটি ট্রেনের চারটি বগি একই এলাকায় লাইনচ্যুত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪০ ঘ.
bdnews24