২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু

বাউল সম্রাট ফকির লালন শাহের ১২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার রাতে কুষ্টিয়া শহর সংলগ্ন ছেঁউড়িয়া গ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 05:18 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

কুষ্টিয়া, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল সম্রাট ফকির লালন শাহের ১২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার রাতে কুষ্টিয়া শহর সংলগ্ন ছেঁউড়িয়া গ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব। রাত সাড়ে আটটায় স্মরণোৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। উৎসব উপলক্ষ্যে লালনের আখড়া বাড়ি (লালন একাডেমী) চত্বরে লালন স্মৃতিচারণ, লালন মেলা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে বুধবার মাঝ রাত পর্যন্ত। লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সুলতানা তরুণ, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ ও লালন একাডেমীর সাধারণ সম্পাদক তাইজাল আলি খান। লালনের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট লালন গবেষক ম. মনির-উজ-জামান। অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। কয়েকজন বাউল ও লালন একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। লালনের স্মৃতি বিজড়িত আখড়া বাড়ি ও আশপাশ ঘুরে দেখা গেছে, আখড়া বাড়ির (লালন একাডেমী) সামনে কালি নদীর পাড়ে বিশাল প্যান্ডেলের নিচে দূর-দূরান্ত থেকে আসা লালন ভক্ত-অনুসারী ও বাউলরা আশ্রয় নিয়েছেন। তারা দলবদ্ধ হয়ে একতারা, দোতরা, ঢোলসহ ঐতিহ্যবাহী নানা বাদ্যযন্ত্র নিয়ে লালনের গান গাইছেন। একাডেমীর নিচ তলায় প্রবীণ বাউলরা জড়ো হয়েছেন। তারা লালনের গান, জীবনযাত্রা নিয়ে মতবিনিময় করছেন। আবার কাউকে গভীর ধ্যানে মগ্ন থাকতে দেখা গেছে। আখড়া বাড়ির সীমানা প্রাচীরের বাইরে লালন মেলায় প্রায় তিন শতাধিক স্টল রয়েছে। সেখানে বিভিন্ন পণ্য-সামগ্রীসহ খাবারের দোকান রয়েছে। প্রথমদিনই মেলায় উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩০০ ঘ.