সুনামগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে পূজামণ্ডপে শনিবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।
সন্ধ্যা সাড়ে ৬ টায় সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুন ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পূজা কমিটির সভাপতি রমেন্দ্র আচার্য্য অভিযোগ করেন, সন্ধ্যায় শান্তিপুর গ্রামের সোহেলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী জয়নগর বাজারের পূজামণ্ডপে অতর্কিতে হামলা চালায়। এসময় পূণ্যার্থীরা বাধা দিলে তাদের ওপর চড়াও হয় তারা। এতে পাঁচজন আহত হন।
পরে পূজা কমিটির লোকজন পুলিশে খবর দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান জানান, পূজা কমিটির লোকজন হামলার ঘটনা জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০২৬ ঘ.
bdnews24