নাটোর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যাকাণ্ডের তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
অন্যদিকে ওই মামলায় গ্রেপ্তার ছাত্রলীগকর্মী রাসেলকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
রাসেল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে- গোয়েন্দা কর্মকর্তারা এ কথা বললেও কী তদন্ত দিয়েছে, সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান।
গত ৮ ফেব্র"য়ারি সকালে বনপাড়া বাজারে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি বাবুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। আওয়ামী লীগকর্মীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।
বাবুর স্ত্রী মহুয়া নূর বাদি হয়ে আওয়ামী লীগের ২৭ নেতা-কর্মীকে আসামি করে মামলা করলেও পুলিশ এ পর্যন্ত রাসেলকে গ্রেপ্তার করতে পেরেছে।
আসামিরা সরকার সমর্থক হওয়ায় তদন্ত প্রভাবিত হচ্ছে বলে বিরোধী দল বিএনপির অভিযোগ।
সরকার থেকে কোনো ধরনের চাপ আছে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে তদন্ত কর্মকর্তা হান্নান শনিবার বলেন, "আমরা আইনের আলোকে কাজ করে যাচ্ছি। এতে কারো হুঙ্কার বা চাপ তদন্তপ্রভাবিত করবে না।"
আদালতের অনুমতি নিয়ে রাসেলকে তিন দিন আগে হেফাজতে নিয়েছিলো গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, রাসেল ভিডিও ফুটেজ ও পত্রিকায় প্রকাশিত ছবি থেকে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করেছে। তবে গোয়েন্দা কর্মকর্তা হান্নান বলেন, তদন্তের স্বার্থে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
ভিডিও ফুটেজ দেখে বাবু হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আশ্রয়ে আনা হবে বলে ইতোপূর্বে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন।
তদন্ত কর্মকর্তা হান্নান বলেন, "রাসেলের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।"
রাসেল বনপাড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। পুলিশ জানায়, রাসেল কয়েকবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও পাস করতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২২ ঘ.
bdnews24