সুনামগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় তাহিরপুর থানার এক উপপরিদর্শকসহ ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তাহিরপুর থানার ওসি মামুনুর রশিদ।
এরা হলেন, উপপরিদর্শক খলিলুর রহমান, কনস্টেবল সিরাজুল ইসলাম, রাশেদ মিয়া, হাবিব মিয়া, মানিক ও খুরশেদ মিয়া।
গত বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলার খলাহাটি সার্বজনীন পূজামণ্ডপে দর্শনার্থীরা মদ পান করছে এই অভিযোগে পুলিশ সেখানে হামলা চালায়। এতে নারী, পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়।
ওসি মামুনুর রশিদ জানান, তাহেরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান শামিম আখুঞ্জি আমাকে ঘটনাটি জানিয়েছেন। এরপর আমি পুলিশ সুপারকে ঘটনাটি জানাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24