২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আবাসিক হোটেলে তরুণী খুন

কক্সবাজার শহরের কলাতলীর ঢাকা কটেজ নামের একটি আবাসিক হোটেলে এক তরুণী খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 05:25 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

কক্সবাজার, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের কলাতলীর ঢাকা কটেজ নামের একটি আবাসিক হোটেলে এক তরুণী খুন হয়েছে। নিহত রোকেয়া বেগমের (২৩) পরিচয় জানা যায়নি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হোটেলের ১০২ নম্বর কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, স্বামী পরিচয়ে রোকেয়ার সঙ্গে হোটেলে অবস্থানকারী শামীম আহমদ (২৭) তাকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে। এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক আমির হোসেনকে (৪৩) আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য রোকেয়ার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম সালাহ উদ্দিন। সাংবাদিকদের তিনি বলেন, কলাতলীর সৈকত পাড়ায় অবস্থিত মহেশখালীর সৈয়দুল কাদেরের মালিকানাধীন ঢাকা কটেজের ১০২ নম্বর কক্ষ থেকে রোকেয়ার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাত অথবা শুক্রবার দিনের কোনো এক সময়ে তার শ্বাসরোধ করা হয়। ব্যবস্থাপক আমির হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় রোকেয়া ও শামীম স্বামী-স্ত্রী পরিচয়ে ১০২ নম্বর কক্ষ ভাড়া নেন। তারা শামীম আহমদের বাবার নাম আব্দুল লতিফ ও ঠিকানা শুধু নারায়ণগঞ্জ এবং রোকেয়ার বাড়ি ঢাকায় উল্লেখ করেন। এ সময় তারা একটি মোবাইল ফোন নম্বরও (০১৭৪৭৪১৯২০১) দেন। তবে হত্যাকাণ্ডের পর ওই ফোন নম্বরে কয়েকবার যোগোযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে জানিয়ে এএসপি সালাহ উদ্দিন বলেন, "সৈকত পাড়াসহ পুরো কলাতলী এলাকায় অবস্থিত হোটেল মালিকরা বিভিন্ন স্থান থেকে আগতদের কক্ষ ভাড়া দেওয়ার আগে তাদের পূর্ণ বায়োডাটা সংগ্রহ করে না বলেই এ ধরনের খুনের ঘটনা ঘটছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১২৩ ঘ.