চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে সংঘর্ষের ঘটনায় আরও সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে লেসিং-আনলেসিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, ডক বন্দর শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের নেতা মহররম আলী ও আখতার হোসেন রয়েছেন। এ নিয়ে বন্দরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৪৭-এ।
চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ভেঙ্গে মিছিল-সমাবেশ করা ও পুলিশেল ওপর হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার বিকাল চারটায় চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েনের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বন্দর ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তা অগ্রাহ্য করে বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
ওইদিনই পুলিশ ২৯ জনকে ও পরের দিন ১১ জন শ্রমিককে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম বন্দরের চার নম্বর জেটিতে অনুপ্রবেশ ও পুলিশের ওপর হামলার ঘটনায় মোট তিনটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটিতে পুলিশ এবং অপরটির বাদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
প্রতিটি মামলায় অজ্ঞাতনামাসহ ৪০০ জন করে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২০০ ঘ.
bdnews24