২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে 'মুক্তিযোদ্ধা' পরিচয়ে বাড়ি দখল, গ্রেপ্তার ৪

নিজেদের 'মুক্তিযোদ্ধা' ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য দাবি করে চট্টগ্রামে সরকারি বাড়ি দখলের অভিযোগে দুই মহিলাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের 'মুক্তিযোদ্ধা' ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য দাবি করে চট্টগ্রামে সরকারি বাড়ি দখলের অভিযোগে দুই মহিলাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- জাহাঙ্গীর আলম (৫৫), মাহাবুবুল হক (৫২), শারমিন আক্তার (২২) ও মোছাম্মৎ জেবুন্নেসা (৪৫)। এদের মধ্যে জাহাঙ্গীর আলম ও মাহাবুবুল হক নিজেদের মুক্তিযোদ্ধা এবং শারমিন ও জেবুন্নেসা সাতকানিয়ায় মুক্তিযুদ্ধে শহীদ জামাল আহম্মেদের আত্মীয় বলে পুলিশের কাছে দাবি করে। চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা বৃহস্পতিবার রাতে পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় ১৮ নম্বর সরকারি বাড়িটি দখল করে সেখানে অবস্থান নেয়। তারা 'শহীদ জামাল আহম্মেদের পরিবারের জন্য প্রস্তাবিত' লেখা একটি সাইনবোর্ডও বাড়িতে ঝুলিয়ে দেয়। তারা বাড়ির নিরাপত্তা কর্মীকে মারধর করে। গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রেজাউল মাসুদ। তিনি বলেন, সরকারি এ বাড়িটি অর্থঋণ আদালতের যুগ্ম-জজের নামে বরাদ্দ রয়েছে। দখলের আগে বাড়িটিতে কেউ থাকত না। গণপূর্ত বিভাগ বাড়িটির তদারকির দায়িত্বে আছে। খবর পেয়ে শুক্রবার সকালে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে। জাহাঙ্গীর ও মাহবুব বছরখানেক আগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে একটি বাড়ির জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করে বলে পুলিশের কাছে দাবি করেন। এ ঘটনায় গণপূর্ত বিভাগের নিরাপত্তা কর্মী আবদুল মতিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২১৪৭ ঘ.