নওগাঁ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর মহাদেবপুর উপজেলায় দেয়াল ধসে চার নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার চকগৌরী হাট এলাকায় একটি নবনির্মিত গুদামের দেয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার গোয়ালমারি গ্রামের রাসেল (২৫), মনসুর আলী (৬২), এমদাদুল হক (৩০) ও রুবেল (২২)।
আহতরা হলেন- গোয়ালমারি গ্রামের হোসেন আলী (২৪), পাতনার বাবুল (২৫) ও কসবা গ্রামের শহিদুল ইসলাম (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চকগৌরীহাট এলাকার কাশেম আলী মণ্ডলের ভাই ভাই চালকলের একটি গুদামের ইটের দেয়াল মাটির গাঁথুনি দিয়ে তৈরি করা হয়।
শুক্রবার ওই গুদামের দুটি দেয়াল পানি দিয়ে ভিজিয়ে সিমেন্টের প্লাস্টার লাগানোর সময় হঠাৎ করে প্রায় ২০ ফুট উঁচু দেয়াল দুটি শ্রমিকদের উপরে ভেঙ্গে পড়ে। এতে কর্মরত ৭ শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকাল সোয়া ৪টার দিকে রাসেল মারা যান।
নওগাঁ সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে মনসুর ও এমদাদকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানোর পথে সন্ধ্যা সোয় ৬টায় তাদের মৃত্যু হয়।
রাতে ওসি জানান, রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
আহত অপর তিনজন নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ কর্মকর্তা নূর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দেয়াল ধসে হতাহতের এই ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24