ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি খুন হয়েছে।
শুক্রবার বেলা ৩টার দিকে কচুক্ষেত এলাকায় নিহত হন ইমরান হোসেন মিঠু (২২)। বড়ভাই ইলিয়াস কাঞ্চনের বটির আঘতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।
পুরাতন কচুক্ষেতের সি-বি/১৪৩/১ নম্বর বাড়িটি মিঠুদের। খুনের ঘটনাটি ঘটেছে ওই বাড়িতেই।
কাফরুল থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির ষষ্ঠ তলায় রুম নির্মাণকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কলহের এক পর্যায়ে ইলিয়াস ধারালো বটি দিয়ে ইমরানকে আঘাত করে।
উরুতে আঘাতপ্রাপ্ত ইমরানকে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, ইমরান মারা গেছেন।
ঘটনার পর থেকে ইলিয়াস পলাতক বলে জানিয়েছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/এমআই/১৯৪০ ঘ.
bdnews24