২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক কারবারিদের হামলায় পুলিশ আহত

বাগেরহাটে মাদক কারবারিদের হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

বাগেরহাট, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে মাদক কারবারিদের হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার ষাটগম্বুজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বৃহষ্পতিবার বিকালে হামলার শিকার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সিদ্দিক বাদি আটক দুজনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের হাসান শেখ (২৫) ও পুলিশ লাইন এলাকার মিলন শেখ (২৬)। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সিদ্দিক সাংবাদিকদের জানান, বুধবার রাতে সড়ক পথে মাদকের একটি চালান আসছে- এমন সংবাদের ভিত্তিতে তিনি এবং তার সঙ্গে থাকা পুলিশ সদস্য নেছার উদ্দিন বাগেরহাট-খুলনা সড়কের ষাটগম্বুজ মসজিদ এলাকায় অবস্থান নেন। এক পর্যায়ে খুলনা থেকে আসা তিন মটরসাইকেল আরোহীকে আটক করেন এবং তল্লাশি করতে যান। এসময় মিলন শেখ ও তার সহযোগী সাগর তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা দ্রুত মটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে জাহান ওরফে খুড়ি নামে এক নারীও ছিলেন। বাগেরহাট মডেল থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার করা দুজনের কাছ থেকে মটরসাইকেলটি উদ্ধার করা গেলেও কোনো মাদক পাওয়া যায়নি। বৃহষ্পতিবার বিকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.