২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিন পর আখাউড়ায় ধর্মঘট প্রত্যাহার

সড়ক সংস্কারের ব্যাপারে সমঝোতা হওয়ায় চারদিন পর বৃহস্পতিবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারের ব্যাপারে সমঝোতা হওয়ায় চারদিন পর বৃহস্পতিবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতাদের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠকের পর রাত সাড়ে ৭টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "ধরখার-আগরতলা সড়ক এবং আখাউড়া-চান্দুরা সড়ক দুটি যথাসম্ভব দ্রুত পুরোপুরি সংস্কার করার আশ্বাস দেওয়ায় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।" বিকেল পাঁচটায় স্থল বন্দর প্রাঙ্গণে বৈঠক শুরু হয়ে প্রায় আড়াই ঘন্টা ধরে চলে। এতে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুখ আহম্মেদ, আখাউড়া স্থলবন্দর আমদানি-রাপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবু অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার ধরখার-আগরতলা সড়কের ১৬ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে সোমবার থেকে ধর্মঘটের ডাক দেয় আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি এবং আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। এ বন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের মেঘালয়, আসাম, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল রাজ্যে পণ্য আনা-নেওয়া হয়। ধর্মঘটের কারণে দৈনিক প্রায় দেড় কোটি টাকার পণ্য রপ্তানি ব্যাহত হচ্ছে বলে দাবি করছেন আমদানি-রপ্তানিকারকরা। আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি সফিকুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "ধরখার-আগরতলা সড়ক সংস্কারের দাবি দীর্ঘদিনের। বর্তমানে সড়কটির যে অবস্থা তাতে পায়ে হাঁটাই দায়, পণ্যবাহী ট্রাক চলাচল এখন অকল্পনীয়।" তিনি অভিযোগ করেন, গত দু'দিন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ রাস্তার বড়-বড় গর্তে ইট-বালি-সুড়কি দিয়ে দায়সারা কাজ করছে। এতে এ রাস্তায় ভারী যানবাহন চলা কোনোভাবেই সম্ভব নয়। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ধরখার থেকে সোনারবাদী চেকপোস্ট পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার অবস্থা একেবারে নাজুক। ফলে পণ্যবাহী ট্রাক প্রায়ই বিকল হয়ে পড়ে। তাই ট্রাকমালিকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক লোকসান গুণতে হচ্ছে। তিনি বলেন, "বন্দরের কার্যক্রম চালুর জন্য আখাউড়া উপজেলা প্রশাসনসহ সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আমরা আমাদের দাবিতে অনড়।" এ সড়কের কোথাও কোথাও সড়ক দেবে ৩-৪ ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে জানিয়ে বাবুল বলেন, "পণ্যবাহী ট্রাক খাদে পড়ে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এ কারণে ট্রাকচালকরা এ রাস্তায় পণ্য নিয়ে আসতে চায় না।" আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী জানান, ধর্মঘটের কারণে বন্দরে কাজ হচ্ছে না। ধর্মঘট শুরুর পরদিন সড়কটি সংস্কারের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শেখ সোহেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ সংস্কারের কাজ মঙ্গলবার শুরু হয়েছে। রাস্তাটি দিয়ে ছোটখাটো যানবাহন চলাচল শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আশা করছেন, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে বিভিন্ন অংশের মেরামত কাজ শেষ হলে রাস্তাটি পুরোপুরি সচল হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/এএনএস/এমএসবি/২১০৭ ঘ.