ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। ফরিদপুর ও বরিশালে দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো দুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গাইবান্ধা প্রতিনিধি জানান, গোবিন্দগঞ্জ উপজেলা শহরের উপকণ্ঠে কোমরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে ট্রাকের ধাক্কায় নিহত হন শিক্ষক অনিল চন্দ্র (৩৫)।
তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বদলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার বাড়ি বদলাগাড়ি গ্রামে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, দুপুর আড়াইটার দিকে পলাশবাড়ি থেকে মটর সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি।
দুর্ঘটনায় অনিলের সঙ্গী আসাদুল ইসলাম (১৮) আহত হন। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।
বরিশাল প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে গৌরনদীতে বাসের চাপায় নিহত হন এক ভ্যান আরোহী।
দুপুর সাড়ে ১২টায় বার্থী ইউনিয়নের তারাকুপি এলাকায় ঢাকা-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের গৌরনদী ফাঁড়ির উপপরিদর্শক মুজাম্মেল হক জানান।
নিহতের নাম বেল্লাল বেপারী (৪০)। তার বাড়ি গৌরনদী উপজেলার বাকাই পয়সা গ্রামে।
দুর্ঘটনায় টরকী বন্দরের কাপড় ব্যবসায়ী হাবিবুর রহমান মাতুব্বর হাবিব (৩৫) এবং আল মামুন মোল্লা (২৫) আহত হয়েছেন।
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আল মামুন সাংবাদিকদের বলেন, পয়সা গ্রাম থেকে তারা তিনজন ভ্যানে চড়ে টরকী যাচ্ছিলেন। তারাকুপি এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে ভ্যানকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। ওই সময় সাকুরা পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন বেল্লাল ও হাবিব। হাসপাতালে আনার পর বেল্লালের মৃত্যু হয়।
ফরিদপুর প্রতিনিধি জানান, ভাঙ্গা উপজেলার মালিগ্রাম কলতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হন মাইক্রোবাসচালক।
নিহতের নাম ইউসুফ বেপারী (২৮)।
মহাসড়ক পুলিশের ভাঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, ট্রাকের চাকা ফেটে গেলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় মাইক্রোবাসের আরো তিন আরোহী আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৮ ঘ.
bdnews24