চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে তার প্রতিবাদে চট্টগ্রামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকার মেহের গার্মেন্টসের পাঁচ শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ করে এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধাওয়া করে।
প্রতিষ্ঠানটির মালিক চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেহের গার্মেন্টসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করছে শ্রমিকরা। আজ (বৃহস্পতিবার) সকালে কারখানার এক সুপারভাইজার এক শ্রমিকের সঙ্গে খারাপ ব্যবহার করে অভিযোগ তুলে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।"
দুপুর দেড়টা পর্যন্ত ওই কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়নি। এ পরিস্থিতিতে পুলিশ, র্যাব সদস্য, বিজিএমইএ প্রতিনিধি এবং কারখানার মালিকপক্ষের লোকজন বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেছেন।
বিজিএমইএ সচিব মো. মাঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুতই এর সমাধান হবে বলে আশা করছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24