২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের দুর্ঘটনাস্থলে তদন্ত দল

সিরাজগঞ্জের দুর্ঘটনা তদন্তে গঠিত রেলওয়ের কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জনের সাক্ষ্য নেওয়া শুরু করেছে। কাজ শুরু করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত দলও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 08:54 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

বগুড়া, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের দুর্ঘটনা তদন্তে গঠিত রেলওয়ের কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জনের সাক্ষ্য নেওয়া শুরু করেছে। কাজ শুরু করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত দলও। সিরাজগঞ্জের সয়দাবাদে গত সোমবার খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। বিএনপি চেয়ারপারসন খালেদার দাবি, এটা দুর্ঘটনা নয়, সরকার পরিকল্পিতভাবে তার দলীয় কর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দিয়েছে। তবে প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী এ ঘটনার জন্য বিরোধীদলের 'দায়িত্বহীনতাকেই' দায়ী করেছেন। দুর্ঘটনা তদন্তে রেলওয়ে পাঁচ সদস্যের এবং জেলা প্রশাসন চার সদস্যের কমিটি গঠন করে। রেলওয়ের তদন্ত দলের প্রধান প্রধান প্রকৌশলী (রেল-পশ্চিম) মো. আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টা থেকে ঘটনাস্থলের কাছের জামতল রেলস্টেশন, এম মুনসুর আলী রেল স্টেশন, দুর্ঘটনাস্থল মুলিবাড়ী রেলক্রসিং এবং ট্রেনে আগুন লাগানোর স্থান সয়দাবাদ এলাকা ঘুরে দেখেন তারা। তদন্ত দল রেল কর্মচারী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে। এই কমিটির চার দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। তবে এ সময়সীমা আরো তিন দিন বাড়ানোর আবেদন করা হয়েছে বলে জানান আমজাদ। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা হাকিম দীপক রঞ্জন অধিকারী বলেন, "তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে। তদন্তের স্বার্থে যাদের সঙ্গে কথা বলা প্রয়োজন এবং যেখানে যেখানে যাওয়া প্রয়োজন তার সবকিছু অব্যাহত রয়েছে।" নির্ধারিত সময়সীমা সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৫২ জনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.