২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে দুর্ঘটনাকবলিত জাহাজ উদ্ধারের চেষ্টা চলছে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তলদেশ ফুটো হয়ে পানি ঢুকতে থাকা বিদেশী পতাকাবাহী জাহাজটি উদ্ধারের কাজ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তলদেশ ফুটো হয়ে পানি ঢুকতে থাকা বিদেশী পতাকাবাহী জাহাজটি উদ্ধারের কাজ চলছে। চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল কর্মকর্তা মো. জহুর রাত ১০ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর কর্তৃপক্ষের একটি উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত জাহাজটিতে পৌঁছেছে। তারা জাহাজটিতে ঢুকে পড়া পানি বিশেষ পাম্পের সাহায্যে বাইরে বের করে দিচ্ছে। বন্দর কর্মকর্তা বলেন, জাহাজটি পুরোপুরি ডুবে যায়নি। খোলের পানি বের করা শেষ হলে বৃহস্পতিবার সকালে জাহাজটি বহির্নোঙ্গরের আলফা অ্যাঙ্করেজ থেকে সরিয়ে নেওয়া হবে। বুধবার বেলা আড়াইটার দিকে বহির্নোঙ্গরের আলফা অ্যাঙ্করেজে যুক্তরাষ্ট্রের সেন্ট কিটসের পতাকাবাহী জাহাজ এমভি ওশান পার্লের তলদেশ ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে। এর আগে চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের উদ্ধারকারী টাগবোট কাঙ্গারি, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, "জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।" বন্দর সচিব ফরহাদ উদ্দিন জানান, আট হাজার টন ইউরিয়া সারবাহী জাহাজটি গত ৩ সেপ্টেম্বর বন্দরের বহির্নোঙরে আসে। স্থানীয় লিটমন্ড শিপিং জাহাজটির লোকাল এজেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এএনএস/এইচএ/২৩২৪ ঘ.