কিশোরগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে দুজনের বিরুদ্ধে কিশোরগঞ্জের একটি আদালতে মামলা হয়েছে।
বুধবার দুপুরে জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন হোসেনপুর উপজেলার ধনকুড়া গ্রামের মমিনা খাতুন।
শুনানি শেষে হাকিম সোহাগ রঞ্জন পাল মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হোসেনপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- হোসেনপুরের ধনকুড়া এলাকার আব্দুল মান্নান ও সোহরাব উদ্দিন।
আসামিরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, বাদির বাবা নিজাম উদ্দিন মুক্তিযুদ্ধের সমর্থক হওয়ায় স্থানীয় 'রাজাকাররা' প্রায়ই তাকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতো। ১৯৭১ সনের ২ নভেম্বর দুপুরে আসামি আব্দুল মান্নান ও সোহরাব উদ্দিন সশস্ত্র অবস্থায় দলবল নিয়ে তাদের বাড়িতে হানা দেয়।
তারা নিজাম উদ্দিনকে পরিবারের অন্য সদস্যদের সামনে দড়ি দিয়ে বেঁধে মাথা ও বুকে গুলি করে হত্যা করে। পরে বাড়িতে লুটপাট চালায়।
এ ঘটনার পর তার মা তাদের দুই বোনকে নিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গলাকাটা গ্রামে আশ্রয় নেন। তার বাবার হত্যাকারীরা এখনো তাদের সম্পত্তি ভোগ-দখল করে রেখেছে।
বাদির স্বামী আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই আসামি তার শ্বশুড়কে হত্যা ছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালে আরো অনেক হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১২ ঘ.
bdnews24