মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনা সদস্যরা।
চট্টগ্রাম বন্দরের বন্ধ হওয়া ১২টি জেটিতে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে সেনা সদস্যদের উপস্থিতিতে পর্যায়ক্রমে কাজ শুরু হয়েছে।
এ সংঘর্ষের পর বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে সেনাবাহিনীর সদস্যরা বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থান নেয়।
বন্দর সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ছয়টা থেকেই ছয়টি সাধারণ জেটি ও ছয়টি কন্টেইনার জেটিতে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।
শ্রমিকরা কাজে যোগ েিদয়ছে উল্লেখ করে তিনি বলেন, শুরুর দিকে বৃষ্টির কারণে এসব জেটিতে কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হয়।
কাজ শুরুর পর রাত আটটার দিকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বন্দরের ১১ ও ১২ নম্বর জেটি পরিদর্শন করেন বলে বন্দর সচিব জানান।
সদ্য নিয়োগ পাওয়া ছয় বার্থ অপারেটররা কাজে যোগ দিয়েছে বলে জানান বার্থ অপারেটর ওনার্স এসোসিয়েশনের আহবায়ক শাহাদাত হোসেন সেলিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দরের ৯, ১০, ১১, ১২ ও ১৩ নম্বর কন্টেইনার জেটিতে সন্ধ্যা থেকে আমরা কাজ শুরু করেছি।"
এর আগে বুধবার সন্ধ্যায় বন্দর রেস্ট হাউজে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, "তিনটি জেটিতে কাজ শুরু হয়েছে। রাত আটটার মধ্যে বাকিগুলোতেও কাজ শুরু করা যাবে বলে আশা করছি।"
এসময় বন্দর চেয়ারম্যান কমোডর রিয়াজ উদ্দিন আহমেদ ছাড়াও নৌ মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, সিএমপি কমিশনার মোহাম্মদ আবুল কাশেম উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল চারটা থেকে বন্দর ও এর আশেপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য সবধরণের সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ।
মঙ্গলবার থেকে বুধবার বন্দর কর্তৃপক্ষ, বার্থ অপারেটর ও শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমস্যার সমাধান করতে না পেরে সকালে মন্ত্রী সেনা মোতায়েনের কথা জানান।
বেলা দেড়টার দিকে শ্রমিকনেতাদের উপস্থিতিতে বন্দরের অচলাবস্থা নিরসনে শাজাহান খান সেনা মোতায়েনের ঘোষণা দেন।
মূল বন্দর এলাকায় ১৬টি জেটির মধ্যে ১০টি কন্টেইনার জেটি এবং ছয়টি সাধারণ জেটি। এর মধ্যে ডক বন্দর শ্রমিকদের সঙ্গে বার্থ অপারেটরদের দ্বন্দ্বের জের ধরে সোমবার ছয়টি কন্টেইনার জেটি ও সাধারণ ছয় জেটিতে কাজ বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের বাধার মুখে শুক্রবার সন্ধ্যা থেকে ছয়টি কন্টেইনার জেটিতে বার্থ অপারেটররা কাজ শুরু করতে পারে নি।
পরবর্তীতে মঙ্গলবার রাত নয়টা থেকে অপর ছয়টি সাধারণ জেটিতে কর্মরত শ্রমকিরাও কাজ বন্ধ করে দেয়। এসকল জেটিতে পূর্ব থেকে অন্য ছয় বার্থ অপারেটর পণ্য খালাস ও ওঠানামার কাজ করে আসছিল।
শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ঘোষণা মন্ত্রীর
বিকাল সাড়ে পাঁচটায় বন্দর ডাক বাংলোয় এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান আন্দোলনরত শ্রমিকদের ছয়টি দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন।
সেইসঙ্গে তিনি বৃহস্পতিবারের মধ্যে যেসব শ্রমিক কাজে যোগ দেবে বন্দরে তাদের কাজের নিশ্চয়তা থাকা ও অকারণে তাদের ছাটাই না করারও ঘোষণা দেওয়া হয়।
শাজাহান খান বলেন, "আমরা শ্রমিকদের বন্দর থেকে পরিচয়পত্র প্রদান, কল্যাণমূলক ভাতা ও উৎসব বোনাসসহ ছয়টি দাবি পূরণের সিদ্ধান্ত নিয়েছি।"
এসব সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য হলো- বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের যে মজুরি দিচ্ছে নতুন নিয়োগপ্রাপ্ত বার্থ অপারেটররাও তাই দেবে, বার্থ অপারেটররা শ্রমিকদের উৎসব বোনাস দেবেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে চাকরিচ্যুতদের মধ্যে থেকে বাছাইকৃত ২,৬০০ জনকে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া এবং কেউ স্বেচ্ছায় অবসর নিতে চাইলে তাকে সব ধরনের আর্থিক সুবিধা দেয়া হবে।
মন্ত্রী বলেন, এর পরও যারা অকারণে কাজে যোগ দেবে না, তাদেরকে 'ষড়যন্ত্রকারী' হিসেবে চিহ্নিত করা হবে।
একটি পক্ষ বন্দর নিয়ে 'ষড়যন্ত্র' করছে দাবি করে করে তিনি বলেন, "তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যেখানে বন্দরের অচলাবস্থা নিরসনের জন্য একজন মন্ত্রী আলোচনার দায়িত্ব নিয়ে এসেছেন, সেখানে নিজেদের পরিস্থিতির কথা বিবেচনা না করে হামলা-বিক্ষোভ করেছে।"
মন্ত্রী আরো বলেন, "বন্দরের শান্তি-শৃঙ্খলার অবনতি হওয়ায় এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ও বন্দরে সেনা মোতায়েন ছাড়া আমাদের কোন বিকল্প ছিল না। বন্দরের নিয়ম অনুযায়ী জেটিগুলোতে কাজ চলবে। সেনা সদস্যরা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।"
তিনি সেনা সদস্যদের সহযোগিতা করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।
বন্দর এলাকায় সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা
বিকাল চারটা থেকে বন্দর ও এর আশেপাশের এলাকায় মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ। দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম সাংবাদিকদের এ কথা জানান।
আবুল কাশেম বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে বন্দর এলাকায় চলাচলকারী যানবাহন এর আওতার বাইরে থাকবে।
মিছিল, শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গ্রেপ্তার ২৭
নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্দোলনকারী শ্রমিকদের একটি পক্ষ 'ডক বন্দর শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ' এর ব্যানারে বিকাল সোয়া চারটার দিকে মিছিল বের হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
হাজারখানেক শ্রমিক বন্দর সংলগ্ন ফকিরহাট থেকে নিমতলা এলাকায় মিছিল করে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
বন্দর এলাকায় পৌনে এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় ২৭ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিএমপি কমিশনার আবুল কাশেম। বিকাল সোয়া ৫টার দিকে শ্রমিকদের হটিয়ে দেয় পুলিশ।
এসময় বন্দর ও এর আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়। বন্দরের মূল সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
সেনা মোতায়েনে শ্রমিক নেতাদের প্রতিক্রিয়া
সেনা মোতায়েনের প্রতিক্রিয়া জানতে চাইলে ডক বন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, "এটা সরকারের ব্যাপার, সরকার সিদ্ধান্ত নেবে। আমরা চাই, আমাদের দাবিগুলো মানা হোক।"
তাদের দাবি পূরণের আশ্বাস মন্ত্রী দিয়েছেন বলে তিনি জানান।
মাহফুজুর রহমান বলেন, "আমাদের দাবি আগেই মেনে নেওয়া হলে এ অরাজক পরিস্থিতির সৃষ্টি হত না। আমরা শ্রমিকদের দাবির কার্যকর বাস্তবায়ন চাই।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- পরিচয়পত্র দেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে থেকে যাচাই-বাছাইয়ের পর যোগ্যদের নিয়োগ ও শ্রমিক কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমআই/এএনএস/এইচএ/২১৫৫ ঘ.
bdnews24