২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ২০ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 01:08 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

চট্টগ্রাম/কক্সবাজার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ২০ জন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় বিকাল পৌনে ৫টায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি জানান। নিহরা হলেন- পথচারী হারবাং লালব্রিজ এলাকার আনোয়ার হোসেন (৬০), শামসুল আলম (৪০), মাইক্রোবাসযাত্রী উখিয়া সোনার পাড়ার আমির আলী (৫০), পেকুয়ার বারবাকিয়ার আজিম উদ্দিন (৩৮), পার্বত্য বান্দরবানের রেংপুনতো (৩৫) ও সুবর্ণা বাসের চালকের সহকারী চট্টগ্রামের চাঁন্দগাও মোহরা এলাকার নূরুল আলম (৩২)। চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) উপ-পরিদর্শক রমিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সুবর্ণা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হারবাং লালব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে রাখ পান বোঝাই একটি জিপকে (চাঁদের গাড়ি) ধাক্কা দেয়। চকরিয়া থানার ওসি মো. জসিম উদ্দিনের বরাত দিয়ে চট্টগ্রাম অফিস জানায়, ঘটনাস্থলে চারজন এবং চকরিয়া সদর হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে আছে- টেকনাফের বশির উল্লাহ (৫০), লোকমান (৩০), ইমরান (২৮), কামাল উদ্দিন (৩৫), মহেশখালীর মোহাম্মদ শফি (৪০), হারবাং লালব্রিজ এলাকার আবদুল হাকিম (৩৫), সাইফুল ইসলাম (২০), মফিজুর রহমান (১৮) ও মোহাম্মদ ইব্রাহি (৩০)। হারবাং ইউপি চেয়ারম্যান নুরুল আবছার সাংবাদিকদের জানিয়েছেন, আহতদের মধ্যে ইব্রাহিম, মফিজ ও সাইফুলকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইসি রমিজ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/এমএসবি/১৯৪৪ ঘ.