বাগেরহাট, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিবেশী গৃহবধূকে এসিডে ঝলসে দেওয়ার দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
সেইসঙ্গে আদালত ওই ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়।
বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত হোসেন এই রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডিত ব্যক্তি হলেন- বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাঁপতলা গ্রামের ওমেদ আলী শেখের ছেলে মাসুদ শেখ (৩৭)।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ২২ জানুয়ারি ভোরে চাঁপতলা গ্রামের ইসমাইল শেখের স্ত্রী মিনারা বেগম ঘরের বাইরে এলে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী মাসুদ শেখ তাকে এসিড নিক্ষেপ করেন।
পরে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ২৩ জানুয়ারি গৃহবধূ মিনারা বেগম বাগেরহাট সদর থানায় মাসুদ শেখকে আসামি করে এসিড অপরাধ দমন আইনে একটি মামলা করেন।
মাসুদ শেখের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ ছিলো বলেও এজাহারে তিনি উল্লেখ করেন।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন ৬ এপ্রিল মাসুদ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন খান মোহম্মদ আলী। আসামী পক্ষে ছিলেন মাহফুজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৪ ঘ.
bdnews24