চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দফায় দফায় আলোচনার পরও চট্টগ্রাম বন্দর সচলে ব্যর্থ হয়ে সেখানে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বুধবার দুপুরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দিয়ে বন্দর পরিচালনায় সেনা সদস্যদের সহায়তা করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
তবে কখন থেকে সেনা নামবে, তা মন্ত্রী স্পষ্ট না করলেও বিকালের মধ্যেই সেনাবাহিনী কাজ শুরু করবে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে বন্দর এলাকায় মিছিল-সমাবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আবুল কাশেম সাংবাদিকদের বলেন, বন্দরের কয়েকদিন ধরে কাজ ব্যাহত হওয়ায় বন্দর সচল করার স্বার্থে বুধবার বিকাল থেকে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ডক বন্দর শ্রমিকদের সঙ্গে বার্থ অপারেটরদের দ্বন্দ্বের জের ধরে সোমবার থেকে বন্দরের ১২টি জেটিতে পণ্য খালাস বন্ধ রয়েছে। শ্রমিকরা তাদের দাবি পূরণের আগে নতুন বার্থ অপারেটরদের কাজ করতে দিচ্ছে না।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বিকালে বৈঠক করবেন বলে মন্ত্রী জানিয়েছেন।
এদিকে সেনা মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি শ্রমিক নেতা। বন্দর ডক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, "এটা সরকারের ব্যাপার, সরকার সিদ্ধান্ত নেবে। আমরা চাই, আমাদের দাবিগুলো মানা হোক।"
দাবি পূরণের আশ্বাস মন্ত্রী দিয়েছেন বলে তিনি জানান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোররাত পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এবং বার্থ অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেন মন্ত্রী। সকালে বৈঠক করেন ডক শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে।
শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- বন্দর কর্তৃপক্ষ কর্তৃক তাদের পরিচয়পত্র দেওয়া; তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর যাদের নিয়োগের উপযুক্ত বিবেচনা করা হয়েছে, তাদের পুনর্বহাল; শ্রমিক কল্যাণে বিভিন্ন সুবিধা বাড়ানো।
স
bdnews24