চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) ও শ্রমিক নেতাদের সঙ্গে নৌমন্ত্রীর দফায় দফায় বৈঠক হলেও বুধবার বেলা ১১টা পর্যন্ত ১২টি জেটির কোনোটিতেই কাজ শুরু হয়নি।
ওদিকে বিদ্যমান পরিস্থিতিতে আবারো শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন নৌমন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার রাতে কয়েক দফা বৈঠক করার পর বুধবার সকালে বন্দরের জেটিতে কাজ শুরু করা যাবে বলে আশা ব্যক্ত করেছিলেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়া বার্থ অপারেটরদের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে সোমবার থেকে বন্দরের ১২টি জেটিতে পণ্য খালাস বন্ধ আছে। শ্রমিকরা তিনটি দাবি পূরণের আগে বার্থ অপারেটরদের কাজ করতে দিচ্ছে না।
বন্দরের মোট ১৬টি জেটির মধ্যে চারটিতে কাজ চলায় জট লাগার আশঙ্কা হচ্ছে। সরকারি চালবাহী তিনটি, বেসরকারি চালবাহী তিনটিসহ মোট আটটি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় আছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
মূল বন্দর এলাকায় ১৬টি জেটির মধ্যে ১০টি কন্টেইনার জেটি এবং ছয়টি সাধারণ জেটি। এর মধ্যে ছয়টি কন্টেইনার জেটি ও সাধারণ ছয় জেটিতে কাজ বন্ধ রয়েছে।
এছাড়া সাইলো জোটি একটি এবং রিভার মুড়িং জেটি পাঁচটি ছাড়াও রয়েছে আরো কয়েকটি বেসরকারি জেটি। ওগুলোতে স্বাভাবিক কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১১২৩ ঘ.
bdnews24