২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে রেলওয়ের জমিতে গড়ে তোলা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 06:22 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে রেলওয়ের জমিতে গড়ে তোলা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড গেইট এলাকায় এই অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মদ হক। এসময় র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। উচ্ছেদকৃতরা অভিযোগ করে, রেলওয়ে কর্তৃপক্ষ আগেভাগে কোনো প্রকার নোটিশ না দিয়েই উচ্ছেদ অভিযান চালিয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, দুপুর ১২টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড গেইট এলাকায় রেলওয়ের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় রেলওয়ের উচ্ছেদকারী দল। রেলওয়ের নিযুক্ত শতাধিক কর্মচারী শাবল ও হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে একটি দোতলা পাকা ভবনে থাকা কনফেকশনারি, ফোন-ফ্যাক্স, মুদি ও বৈদ্যুতিক সামগ্রীর দোকানসহ ২০টি স্থাপনা। এক সময় শহরের চাষাঢ়া-আদমজী-সাইলো পর্যন্ত রেললাইন দিয়ে পাটসহ বিভিন্ন মাল পরিবহন করা হতো। আদমজী জুট মিল বন্ধ হওয়ার পর রেলওয়ের জমিতে ধীরে ধীরে অবৈধ স্থাপনা গড়ে উঠে। রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মদ হক জানান, পর্যায়ক্রমে চাষাঢ়া-আদমজী-সাইলো লাইনের রেলওয়ের জমিতে গড়ে উঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৮ ঘ.